ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | News for Justice

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬

ইরানের সঙ্গে নতুন করে আলোচনা শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার বিকেল থেকে এ আলোচনা শুরু হতে পারে। এর আগে সম্ভাব্য ব্যাপক সামরিক হামলার সিদ্ধান্ত স্থগিত রাখার ঘোষণাও দেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রোববার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আমরা তাদের সঙ্গে আলোচনা করছি। এটি আগামীকাল বিকেলে শুরু হবে।” তিনি দাবি করেন, সম্ভাব্য হামলার প্রস্তুতি সম্পর্কে ইরান আগে থেকেই অবগত ছিল।

এর আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ ট্রাম্প লিখেছিলেন, চুক্তির ‘পরিধি’ নিয়ে সমঝোতার অগ্রগতি হওয়ায় ইরান এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্ররা হামলা স্থগিত রাখার অনুরোধ জানিয়েছে।

তবে ট্রাম্পের এ দাবির বিষয়ে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ইরান। অন্যদিকে, ইরানের আধা-সরকারি মেহর নিউজ এজেন্সি ট্রাম্পের বক্তব্য প্রত্যাখ্যান করে বলেছে, তেহরান যুক্তরাষ্ট্রকে কোনো ধরনের সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকার অনুরোধ করেনি। সংস্থাটি ট্রাম্পের দাবিকে “নতুন মিথ্যা ছাড়া আর কিছুই নয়” বলে উল্লেখ করেছে।

এয়ার ফোর্স ওয়ানে ট্রাম্প আরও বলেন, তিনি মানুষ হত্যা করতে চান না এবং আলোচনার মাধ্যমে সমাধানকে অগ্রাধিকার দিচ্ছেন। তবে চুক্তি সম্পন্নের কোনো নির্দিষ্ট সময়সীমা তিনি উল্লেখ করেননি।

ট্রাম্পের দাবি, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং সংযুক্ত আরব আমিরাত ও কাতারের মধ্যস্থতাকারীরা সম্ভাব্য হামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। তার মতে, হরমুজ প্রণালি এবং ইরানের পারমাণবিক কর্মসূচি—উভয় বিষয়েই সমঝোতার সম্ভাবনা রয়েছে।

এদিকে, ইরানের গণমাধ্যম জানিয়েছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, হরমুজ প্রণালি-সংক্রান্ত বিষয়ে ওমানের সঙ্গে একটি চুক্তির আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

তবে সোমবারের সম্ভাব্য বৈঠক কোথায় অনুষ্ঠিত হবে কিংবা কারা এতে অংশ নেবেন—সে বিষয়ে এখনো কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেননি মার্কিন প্রেসিডেন্ট।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ