শেখ হাসিনা-কামালের সম্পত্তি বাজেয়াপ্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি

রাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার উদ্যোগ, শহীদ ও ভুক্তভোগী পরিবারের ক্ষতিপূরণে ব্যবহারের নির্দেশ

নিউজ ফর জাস্টিস ডেস্ক | ঢাকা | ৩ নভেম্বর ২০২৬

মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়।

মঙ্গলবার (৩ নভেম্বর) চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর পাঠানো স্মারকে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর রায়ে শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার ও ভুক্তভোগীদের ক্ষতিপূরণ হিসেবে তা ব্যবহারের নির্দেশ দেওয়া হয়।

স্মারকে বলা হয়েছে, দ্রুত ব্যবস্থা নিয়ে শেখ হাসিনার সব স্থাবর ও অস্থাবর সম্পত্তির পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করে সেগুলো রাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়া প্রয়োজন। প্রসিকিউশনের আশঙ্কা, সম্পত্তি রাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার প্রক্রিয়ায় বিলম্ব হলে সেগুলো বিক্রি, হস্তান্তর বা অন্যভাবে ব্যবহার করে ট্রাইব্যুনালের বাজেয়াপ্তকরণের আদেশ বাস্তবায়ন বাধাগ্রস্ত হতে পারে।

একই ধরনের ব্যবস্থা নিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সম্পত্তি সম্পর্কেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৃথক স্মারক পাঠানো হয়েছে।

চিফ প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, ট্রাইব্যুনালের রায় অনুযায়ী বাজেয়াপ্ত সম্পত্তি জুলাই-আগস্টের আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের মধ্যে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার প্রক্রিয়াও এগিয়ে নেওয়া হবে।

এদিকে, প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে—শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল ছাড়াও আরও কয়েকজনের সম্পত্তি বাজেয়াপ্তের বিষয়ে পর্যায়ক্রমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে।

আইনি রায়ের বাস্তবায়ন এখন মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে। ট্রাইব্যুনালের দেওয়া সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ কীভাবে এবং কত দ্রুত বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর সংশ্লিষ্ট মহলের।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ