শেখ হাসিনা বেঁচে থাকতে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না: তথ্য উপদেষ্টা

ডিসেম্বর ঘিরে নাশকতার আশঙ্কা, সরকার পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত: জাহেদ উর রহমান

নিউজ ফর জাস্টিস ডেস্ক | ঢাকা | ৩ নভেম্বর ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন জীবিত থাকবেন, ততদিন সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা হতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, “শেখ হাসিনা যত দিন বেঁচে আছেন, সরকারকে শান্তিতে থাকতে দেবেন—এটা আমি বিশ্বাস করি না।” তবে নাশকতা বা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হলেও এর অর্থ এই নয় যে ডিসেম্বর মাসে দেশে ফেরার পথ তাদের জন্য সহজ হবে।

পোশাকশ্রমিকদের চলমান আন্দোলন প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, মূল্যস্ফীতি ও জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে তাদের জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে। বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার আগেভাগেই মজুরি কমিশন গঠন করেছে বলেও জানান তিনি।

তিনি বলেন, সাধারণত পাঁচ বছর পরপর পোশাকশ্রমিকদের মজুরি পর্যালোচনা করা হয়। ২০০৬, ২০১০, ২০১৩, ২০১৮ ও ২০২৩ সালে মজুরি পর্যালোচনা হয়েছে। সেই হিসাবে ২০২৬ সালে নতুন করে মজুরি কমিশন গঠনের কথা ছিল না। এরপরও শ্রমিকদের স্বার্থ বিবেচনায় সরকার কমিশন গঠন করেছে।

আন্দোলনে সহিংসতা ও নাশকতার অভিযোগ প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, এ ধরনের সহিংস আচরণ প্রকৃত পোশাকশ্রমিকদের হতে পারে না। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব ঘটনার পেছনে সীমান্তের ওপার থেকে ইন্ধনের বিষয়টি উঠে এসেছে।

আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের সক্ষমতা প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ এখন বড় কোনো কর্মকাণ্ড করতে পারবে বলে সরকার মনে করে না। তবে দলটির কাছে বিপুল অর্থ রয়েছে এবং সেই অর্থ ব্যবহার করে বিভিন্ন স্থানে নাশকতার চেষ্টা হতে পারে বলে আশঙ্কা রয়েছে।

ডিসেম্বরকে কেন্দ্র করে কোনো নির্দিষ্ট পরিকল্পনার বিষয়ে তিনি ব্যক্তিগতভাবে নিশ্চিত নন বলেও জানান। তবে শেখ হাসিনা যতদিন জীবিত থাকবেন, ততদিন অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলতে পারে বলে তিনি মনে করেন।

শ্রমিক আন্দোলনে প্রকৃত শ্রমিকদের বাইরে অন্যদের অংশগ্রহণ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার আগের মতো বলপ্রয়োগ করে আন্দোলন দমন করতে চায় না। তরুণ আন্দোলনকারীদেরও রাষ্ট্রের নাগরিক হিসেবে বিবেচনা করা হচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি ও ভোগান্তি কমানোর চেষ্টা করা হচ্ছে।

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, সরকার তাকে দেশে ফিরিয়ে আনতে চায়। তিনি নিজে দেশে ফিরুন কিংবা তাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হোক—সরকারের অবস্থান একই। তবে পাসপোর্টের নিষেধাজ্ঞা প্রত্যাহার বা ট্রাভেল পাস দেওয়ার বিষয়ে আগাম কোনো সিদ্ধান্ত জানাতে চাননি তিনি। পরিস্থিতি তৈরি হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

পুলিশের বলপ্রয়োগ প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে আইন মেনে এবং পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শক্তি প্রয়োগ করতে হবে। আন্দোলন দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের পূর্ববর্তী চর্চা থেকে বেরিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বনিম্ন ক্ষয়ক্ষতি নিশ্চিত করার নীতি অনুসরণ করা হচ্ছে বলেও জানান তিনি।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ