
নিজস্ব প্রতিবেদক | News for Justice ডেস্ক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬
দেশকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে জনগণের প্রতি সচেতনতার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি আমাদের দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখতে। এতে আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ দেশ ও সুস্থ পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।”
সোমবার (৩ আগস্ট) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
তিনি বলেন, গত কয়েক দশকে রাজধানী ঢাকা থেকে শুরু করে জেলা, উপজেলা ও গ্রামাঞ্চলের রাস্তাঘাট, বাজার এবং জনসমাগমস্থলে প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট, ব্যবহৃত টিস্যুসহ বিভিন্ন ধরনের বর্জ্য যত্রতত্র ফেলার প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে।
প্রধানমন্ত্রী সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করে বলেন, জনগণের সামান্য সচেতনতাই পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে বড় ভূমিকা রাখতে পারে। তিনি সবাইকে নির্ধারিত স্থানে ময়লা-আবর্জনা ফেলা এবং যথাযথভাবে তা অপসারণের আহ্বান জানান।
নিজের বাসাবাড়ির পরিচ্ছন্নতার উদাহরণ তুলে ধরে তিনি বলেন, যেমন আমরা নিজেদের ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চাই, তেমনি দেশের প্রতিটি রাস্তা, পার্ক, পুকুর ও জনপরিসরও আমাদের সম্মিলিত দায়িত্বে পরিচ্ছন্ন রাখা উচিত।
দেশের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সফরের অভিজ্ঞতা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, অনেক পুকুর ও জনসমাগমস্থলে ময়লার স্তূপ দেখে তিনি উদ্বিগ্ন হয়েছেন। তিনি বলেন, পরিচ্ছন্ন পরিবেশ শুধু সৌন্দর্যই বাড়ায় না, এটি জনস্বাস্থ্য রক্ষা এবং উন্নত নাগরিক সংস্কৃতি গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সবশেষে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “দেশটা আমাদের সবার। আমরা সবাই যদি নিজ নিজ দায়িত্ব পালন করি, তাহলে বাংলাদেশকে একটি পরিচ্ছন্ন, সুন্দর ও পরিবেশবান্ধব দেশ হিসেবে গড়ে তোলা সম্ভব।”

