
চট্টগ্রাম বন্দরে তিন স্ক্র্যাপ জাহাজে ১০ কোটি টাকার মালামাল লুট
নিউজ ফর জাস্টিস ডেস্ক:
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নোঙর করা তিনটি বিদেশি স্ক্র্যাপ জাহাজে ধারাবাহিক দস্যু হামলার ঘটনায় প্রায় ১০ কোটি টাকার মালামাল লুট হয়েছে। গত ২৯ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত ১৮ দিনের ব্যবধানে সংঘটিত এসব ঘটনায় এখনো কোনো মামলা বা কার্যকর আইনি ব্যবস্থা না হওয়ায় জাহাজ মালিকদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
ঘটনার পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নৌপরিবহনমন্ত্রীর কাছে চিঠি দিয়ে বহির্নোঙরে নিরাপত্তা জোরদার এবং জলদস্যুতা প্রতিরোধে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।
প্রাপ্ত তথ্যমতে, প্রথম হামলায় ‘এমভি হাই জু’ জাহাজ থেকে প্রায় ১ কোটি টাকার স্পেয়ার পার্টস ও অন্যান্য সরঞ্জাম লুট করা হয়। পরদিন ‘এমটি আইরোস’ জাহাজে হামলায় প্রায় ৫ কোটি টাকার মূল্যবান সরঞ্জাম লুট হয়, যার মধ্যে পুলিশ প্রায় ২ কোটি টাকার মালামাল উদ্ধার করেছে। সর্বশেষ ১৬ জুলাই ‘তাই শুয়েনে’ জাহাজে হামলা চালিয়ে মূল্যবান মুরিং রোপ, ব্যাটারি ও অন্যান্য সরঞ্জাম লুট করা হয়। এতে প্রায় ৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ধারাবাহিক এসব ঘটনায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট মহল দ্রুত তদন্ত, দায়ীদের গ্রেপ্তার এবং জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।

