
জেলা সংবাদ | News for Justice
স্টাফ রিপোর্টার | News for Justice
চট্টগ্রামের আলীনগরে যৌথ বাহিনীর ক্যাম্পের পানির পাইপলাইনে বিষ বা বিষজাতীয় পদার্থ মেশানোর চেষ্টার ঘটনাকে ‘অন্তর্ঘাতমূলক কার্যক্রম (Subversive Activities)’ হিসেবে আখ্যা দিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম।
রোববার (২৬ জুলাই) রাতে সংবাদমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, যৌথ বাহিনীর সদস্যদের লক্ষ্য করে সংঘটিত এ ধরনের কর্মকাণ্ড দেশের নিরাপত্তা ও রাষ্ট্রীয় বাহিনীর বিরুদ্ধে পরিকল্পিত নাশকতার শামিল।
পুলিশ সুপার জানান, আলীনগরের যৌথ বাহিনীর ক্যাম্পে র্যাব, বিজিবি ও পুলিশসহ প্রায় ৩০০ সদস্য দায়িত্ব পালন করছেন। তাদের ব্যবহারের জন্য সংযুক্ত ডিপটিউবওয়েলের পানির লাইনে দুর্বৃত্তরা বিষ বা বিষজাতীয় কোনো পদার্থ প্রবেশ করায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে সকালে পানি পরীক্ষা করতে গিয়ে দুর্গন্ধ টের পেয়ে অপারেটর সবাইকে সতর্ক করেন, ফলে সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
এসপি মাসুদ আলম আরও বলেন, রাস্তা কেটে দেওয়া, ক্যাম্পে হামলা বা অবকাঠামো ক্ষতিগ্রস্ত করার মতো ঘটনাগুলো একই ধারাবাহিক অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের অংশ। এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে যৌথ অভিযান অব্যাহত রয়েছে।
তিনি জানান, এ ধরনের অপরাধের বিরুদ্ধে স্পেশাল পাওয়ার অ্যাক্ট অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হচ্ছে এবং তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দ্রষ্টব্য: পানির লাইনে বিষ প্রয়োগের অভিযোগটি পুলিশ সুপারের বক্তব্যের ভিত্তিতে প্রকাশিত হয়েছে। ঘটনার তদন্ত চলমান রয়েছে এবং তদন্তের ফলাফলের ওপর ভিত্তি করে পরবর্তী তথ্য পরিবর্তিত হতে পারে।
সূত্র: ইত্তেফাক।

