
নিজস্ব প্রতিবেদক | News for Justice
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে হিংসা, বিদ্বেষ, বিভেদ ও অন্যায় পরিহার করে শান্তি, সম্প্রীতি, সাম্য ও মানবিকতার ভিত্তিতে ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পৃথক বাণীতে তারা এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান যুদ্ধ, সংঘাত, হিংসা, বৈষম্য ও অসহিষ্ণুতায় বিপর্যস্ত বিশ্বে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহনশীলতা, ভালোবাসা ও মানবিকতার আদর্শ অত্যন্ত প্রাসঙ্গিক।
তিনি মহানবী (সা.)-এর আদর্শে উদ্বুদ্ধ হয়ে হিংসা, বিদ্বেষ, বিভেদ ও অন্যায় পরিহার করে শান্তি, সম্প্রীতি, সাম্য ও মানবিকতার ভিত্তিতে ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করার আহ্বান জানান।
অন্যদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মহানবী (সা.)-এর শিক্ষা শুধু মুসলমানদের ধর্মীয় ও আধ্যাত্মিক জীবনের জন্য নয়, মানবিক ও নৈতিক মূল্যবোধের বিকাশের ক্ষেত্রেও গভীর তাৎপর্য বহন করে।
তিনি মহানবী (সা.)-এর জীবনাদর্শ ব্যক্তি, পরিবার ও সামাজিক জীবনে ধারণ করার আহ্বান জানান। পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা, সহনশীলতা ও ন্যায়বোধ শক্তিশালী করার মাধ্যমে শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
বাণীতে প্রধানমন্ত্রী দেশবাসীসহ সমগ্র মুসলিম বিশ্বকে ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা জানান এবং মহান আল্লাহর কাছে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুমহান জীবনাদর্শ ও সুন্নাহ অনুসরণ করার তাওফিক কামনা করেন।
এদিকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষকালব্যাপী সিরাতুন্নবীর অনুষ্ঠানমালা মঙ্গলবার সন্ধ্যায় উদ্বোধন হয়েছে। বাংলাদেশে বুধবার যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপিত হবে।

