জাতীয় নিরাপত্তায় ‘সবার আগে বাংলাদেশ’ নীতি, আধুনিক ও শক্তিশালী সশস্ত্র বাহিনী গড়ার প্রত্যয় রাষ্ট্রপতির

News For Justice | জাতীয়

সশস্ত্র বাহিনীকে আরও দক্ষ, শক্তিশালী ও আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে নানা উদ্যোগ গ্রহণ করেছে সরকার। পরিবর্তিত বৈশ্বিক হুমকি ও ভূ-রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় দেশের প্রতিরক্ষা পরিকল্পনা, প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে শুক্রবার (২০ নভেম্বর) দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

বাণীতে রাষ্ট্রপতি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সাতজন বীরশ্রেষ্ঠসহ সশস্ত্র বাহিনীর সকল বীর শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

রাষ্ট্রপতি বলেন, মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের নেতৃত্ব, দূরদর্শিতা ও উদ্যোগ স্বাধীন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রাতিষ্ঠানিক ভিত্তি, শৃঙ্খলা ও পেশাদারিত্ব সুদৃঢ় করেছিল। সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সূচিত সেই অগ্রযাত্রাকে বহুদূর এগিয়ে নেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বাহিনীর সম্প্রসারণ, প্রযুক্তিগত উন্নয়ন এবং পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে।

তিনি বলেন, সেই ধারাবাহিকতায় বাংলাদেশের সশস্ত্র বাহিনী আজ একটি দক্ষ, সুশৃঙ্খল ও পেশাদার বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমান সরকার বাহিনীকে আরও আধুনিক, শক্তিশালী ও সক্ষম করে গড়ে তুলতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।

জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা

রাষ্ট্রপতি উল্লেখ করেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ, জাতীয় সংকট ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠা আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা বৃদ্ধি করছে বলেও তিনি মন্তব্য করেন।

রাষ্ট্রপতি বলেন, দেশপ্রেম, সুশৃঙ্খলা, সততা, পেশাদারিত্ব এবং জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি। বাংলাদেশের সংবিধান, নেতৃত্বের প্রতি আনুগত্য এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাহিনীর সদস্যরা তাঁদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন—এটাই জাতির প্রত্যাশা।

বাণীর শেষাংশে রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও সাফল্য কামনা করেন। পাশাপাশি বাহিনীর সকল সদস্য ও তাঁদের পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

News For Justice | সত্যের পক্ষে, ন্যায়ের পথে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ