
নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ২৫ আগস্ট ২০২৬
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নতুন করে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মুহা. মনিরুজ্জামান। মঙ্গলবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে বদলিপূর্বক ঢাকা ওয়াসার এমডি পদে নিয়োগ দেওয়া হয়।
এর মধ্য দিয়ে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গত দুই বছরে ঢাকা ওয়াসার এমডি পদে সপ্তম ব্যক্তি দায়িত্ব পেলেন।
মনিরুজ্জামান এর আগে স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নতুন নিয়োগের মাধ্যমে তিনি ঢাকা ওয়াসার নিয়মিত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নেবেন।
দুই বছরে ওয়াসার নেতৃত্বে ধারাবাহিক পরিবর্তন
ঢাকা ওয়াসার এমডি পদে সাম্প্রতিক সময়ে একের পর এক পরিবর্তন এসেছে। দায়িত্ব পালন করা ব্যক্তিদের মধ্যে রয়েছেন—
১. প্রকৌশলী তাকসিম এ খান
দায়িত্বকাল: ২০০৯ সাল থেকে ১৪ আগস্ট ২০২৪ পর্যন্ত। দীর্ঘ প্রায় ১৫ বছর ঢাকা ওয়াসার এমডি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ১৪ আগস্ট তিনি পদত্যাগ করেন।
২. মো. শাহজাহান মিয়া
দায়িত্বকাল: ১৫ আগস্ট ২০২৪ থেকে ৩০ অক্টোবর ২০২৫ পর্যন্ত। তাকসিম এ খানের পদত্যাগের পর তিনি ওয়াসার দায়িত্ব নেন।
৩. মো. আব্দুস সালাম ব্যাপারী
দায়িত্বকাল: ১১ নভেম্বর ২০২৫ থেকে ৮ মার্চ ২০২৬ পর্যন্ত। নিয়মিত এমডি হিসেবে নিয়োগ পেলেও পরবর্তীতে পদত্যাগ করেন।
৪. মুহা. মনিরুজ্জামান (অতিরিক্ত দায়িত্ব)
দায়িত্বকাল: ৯ মার্চ ২০২৬ থেকে ১০ মার্চ ২০২৬ পর্যন্ত। আব্দুস সালাম ব্যাপারীর পদত্যাগের পর সাময়িকভাবে অতিরিক্ত দায়িত্ব পালন করেন।
৫. মো. আমিনুল ইসলাম
দায়িত্বকাল: ১০ মার্চ ২০২৬ থেকে ২৫ আগস্ট ২০২৬ পর্যন্ত। তাকে এক বছরের জন্য প্রেষণে পূর্ণাঙ্গ এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। পরে তাকে স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক (ডিজি) হিসেবে বদলি করা হয়।
৬. ড. মো. মনিরুজ্জামান
দায়িত্বকাল: ২৫ আগস্ট ২০২৬ থেকে চলমান। স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে তাকে প্রেষণে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নেতৃত্বে ঘন ঘন পরিবর্তন নিয়ে প্রশ্ন
স্বল্প সময়ের ব্যবধানে ঢাকা ওয়াসার শীর্ষ নেতৃত্বে ধারাবাহিক পরিবর্তন প্রতিষ্ঠানটির প্রশাসনিক স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।
নতুন এমডি হিসেবে ড. মো. মনিরুজ্জামানের সামনে ঢাকা শহরের পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসন, চলমান প্রকল্প বাস্তবায়ন এবং ওয়াসার প্রশাসনিক শৃঙ্খলা আরও কার্যকর করার মতো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে।
নিউজ ফর জাস্টিস

