ভারত থেকে আসছে কাঁচা মরিচ, কমতে পারে বাজারদর

নিজস্ব প্রতিবেদক | News for Justice

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬

দেশের বাজারে কাঁচা মরিচের ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে ভারত থেকে আমদানির অনুমতি দিয়েছে সরকার। হিলি স্থলবন্দরের ১০ জন আমদানিকারক মোট ২ হাজার ৯০০ টন কাঁচা মরিচ আমদানির অনুমতি পেয়েছেন।

আমদানিকারকদের তথ্য অনুযায়ী, এলসি (লেটার অব ক্রেডিট) খোলাসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর সোমবার বিকেল থেকেই ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হওয়ার কথা রয়েছে। এতে বাজারে সরবরাহ বাড়বে এবং দাম কমে আসবে বলে আশা করা হচ্ছে।

হিলি স্থলবন্দরের আমদানিকারক শাহাবুল ইসলাম জানান, বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলে মরিচের উৎপাদন ব্যাহত হয়েছে। ফলে বাজারে সরবরাহ কমে যাওয়ায় কাঁচা মরিচের দাম প্রতি কেজি ৩০০ টাকারও বেশি পর্যায়ে পৌঁছেছে। ভারতীয় বাজারে দাম তুলনামূলক কম থাকায় আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে, হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক আনোয়ার হোসেন জানান, সরকার বাজার স্থিতিশীল রাখতে আমদানির অনুমতি দিয়েছে। অনুমোদন পাওয়া আমদানিকারকেরা এখন ভারত থেকে কাঁচা মরিচ আমদানি করতে পারবেন।

উল্লেখ্য, হিলি স্থলবন্দর দিয়ে সর্বশেষ গত বছরের ৩০ সেপ্টেম্বর ভারত থেকে কাঁচা মরিচ আমদানি করা হয়েছিল।

News for Justice সত্যের পক্ষে, ন্যায়ের পথে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ