
২৪ জুলাই ২০২৬ /
ঢাকা
News For Justice | বিনোদন প্রতিবেদক
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ঢাকার মঞ্চে গান শোনালেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ে আয়োজিত কনসার্টে একের পর এক জনপ্রিয় গান পরিবেশন করে হাজারো দর্শককে মুগ্ধ করেন তিনি। তবে শিল্পীর দুর্দান্ত পরিবেশনার আড়ালে পুরো আয়োজনজুড়ে ছিল বিশৃঙ্খলা, অতিরিক্ত দর্শকের চাপ এবং ব্যবস্থাপনা নিয়ে ব্যাপক অভিযোগ।
বিকেল থেকেই বৃষ্টি উপেক্ষা করে হাজারো দর্শক কনসার্টস্থলে জড়ো হন। মূল পরিবেশনার আগে মঞ্চ মাতায় দেশের জনপ্রিয় ব্যান্ড মেঘদল ও লেভেল ফাইভ। রাত ৮টা ৫২ মিনিটের দিকে মঞ্চে ওঠেন আতিফ আসলাম। তিনি পরিবেশন করেন ‘ও লামহে ও বাতে’, ‘দিল দিয়া গাল্লা’, ‘তেরা হোনে লাগা হুঁ’, ‘তু জানে না’, ‘আদত’, ‘তেরে লিয়ে’ এবং **’মাস্ত কালান্দার’**সহ একাধিক জনপ্রিয় গান। প্রতিটি গানেই দর্শকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো ভেন্যু।
তবে কনসার্ট শেষে সবচেয়ে বেশি আলোচনায় আসে আয়োজকদের ব্যবস্থাপনা। উপস্থিত বহু দর্শকের অভিযোগ, ভেন্যুর ধারণক্ষমতা ছিল প্রায় ৫ হাজার দর্শকের। কিন্তু আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেইজ প্রায় ১৫ হাজার টিকিট বিক্রি করেছে, ফলে ভেন্যুতে তীব্র ভিড় ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
অভিযোগ রয়েছে, ১০ হাজার ও ১৫ হাজার টাকার ভিআইপি টিকিট কিনেও অনেক দর্শক নির্ধারিত স্থানে দাঁড়িয়ে অনুষ্ঠান উপভোগ করতে পারেননি। অতিরিক্ত জনসমাগমের কারণে অনেকেই শিল্পীকে ঠিকভাবে দেখতে বা অনুষ্ঠান উপভোগ করতে ব্যর্থ হন। এমনকি বহু দর্শক ক্ষোভ ও হতাশা নিয়ে অনুষ্ঠান শেষ হওয়ার আগেই ফিরে যান বলেও অভিযোগ করেন।
কয়েকজন দর্শকের ভাষ্য, টিকিটের মূল্য অনুযায়ী যে সেবা ও নিরাপত্তা পাওয়ার কথা ছিল, বাস্তবে তার সঙ্গে আয়োজনের কোনো মিল ছিল না। সামাজিক যোগাযোগমাধ্যমেও কনসার্টের ব্যবস্থাপনা নিয়ে ব্যাপক সমালোচনা দেখা গেছে।
উপস্থিত দর্শকদের অনেকেই মনে করেন, আতিফ আসলামের পারফরম্যান্স ছিল অসাধারণ; কিন্তু দুর্বল ব্যবস্থাপনা পুরো আয়োজনের আনন্দকে ম্লান করে দিয়েছে।
News For Justice-এর সঙ্গে কথা বলা কয়েকজন দর্শক জানান, আয়োজকদের এমন অব্যবস্থাপনায় প্রায় ৯০ শতাংশ দর্শক অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের দাবি, ভবিষ্যতে বড় আয়োজনের ক্ষেত্রে ভেন্যুর ধারণক্ষমতা অনুযায়ী টিকিট বিক্রি এবং নিরাপত্তা ও দর্শকসেবা নিশ্চিত করা উচিত।

