
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনকে (১৫) ধর্ষণের পর হত্যার অভিযোগে সুমন মিয়া (৩৫) নামে এক সিএনজিচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে নিহত তাজমিনের ব্যবহৃত একটি আইফোনও উদ্ধার করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পংকজ বড়ুয়া।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সকালে লালমাই উপজেলার ভোরাজগৎপুর উত্তরপাড়া গ্রামের একটি ধানক্ষেতের আইলের পাশ থেকে তাজমিনের মরদেহ উদ্ধার করা হয়। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন।
নিহত তাজমিন কুমিল্লা নগরীর ফরিদা বিদ্যায়তনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। বাবার চাকরির সুবাদে পরিবারের সঙ্গে কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকায় বসবাস করত সে। তার স্থায়ী বাড়ি যশোর জেলায়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, বুধবার (৭ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার তিশা বাস কাউন্টারের সামনে থেকে রেসকোর্স এলাকায় যাওয়ার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে তাজমিন। চালক সুমন মিয়ার সঙ্গে ৩০০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়।
তবে গন্তব্যে না গিয়ে চালক তাকে অন্য একটি নির্জন এলাকায় নিয়ে যান বলে জানায় পুলিশ। সেখানে তাজমিন বিষয়টি বুঝতে পেরে অটোরিকশা থেকে নেমে পালানোর চেষ্টা করে। এ সময় তাকে আটকে ধর্ষণ ও হত্যার অভিযোগ উঠেছে সুমন মিয়ার বিরুদ্ধে।
পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে সুমন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করা হয়েছে। ঘটনার পর নিহতের ব্যাগ থেকে আইফোন নিয়ে সুমন সেটি বাখরাবাদ এলাকার একটি পুকুরপাড়ের জঙ্গলে লুকিয়ে রাখেন এবং পরে চট্টগ্রামে চলে যান বলে পুলিশ জানায়।
তদন্তের একপর্যায়ে শুক্রবার (৯ অক্টোবর) চট্টগ্রাম থেকে সুমনকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ ও লালমাই থানা-পুলিশের যৌথ দল। পরে তার দেওয়া তথ্য ও দেখানো স্থান অনুযায়ী বাখরাবাদ এলাকার পুকুরপাড়ের জঙ্গল থেকে আইফোনটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় লালমাই থানায় হত্যা মামলা করা হয়েছে। মামলার তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সংবাদ সম্মেলনে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
News For Justice
ন্যায়বিচার, সত্য ও মানুষের অধিকারের পক্ষে
