বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন বার্তা, নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান

২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথম ভাষণ; আলোচনায় গণতন্ত্র, জলবায়ু, রোহিঙ্গা ও বৈশ্বিক সহযোগিতা

নিউইয়র্ক প্রতিনিধি | News For Justice

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে এটি তাঁর প্রথম জাতিসংঘ সফর এবং আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে তিনি প্রথমবারের মতো ভাষণ দেবেন।

স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গী দলের সদস্যরা। বিমানবন্দরে বাংলাদেশের জাতিসংঘ স্থায়ী প্রতিনিধি আইরিন খান ও যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম তাঁকে স্বাগত জানান। পরে মোটরশোভাযাত্রায় তাঁকে নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে নেওয়া হয়।

২৪ সেপ্টেম্বর বিশ্বমঞ্চে প্রথম ভাষণ

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২৪ সেপ্টেম্বর নিউইয়র্ক সময় বিকেল সাড়ে ৫টার দিকে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বক্তব্য দেবেন। তাঁর জন্য প্রায় ১৫ মিনিট সময় বরাদ্দ রয়েছে। সময়সূচিতে পরিবর্তন হতে পারে।

প্রধানমন্ত্রীর ভাষণে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা, আইনের শাসন ও জবাবদিহিতা, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, নারী ও যুব ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য, রোহিঙ্গা সংকট এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কারের মতো বিষয় গুরুত্ব পাবে বলে জানিয়েছে সরকার।

বৈঠকে গুরুত্ব পাবে রোহিঙ্গা, বাণিজ্য ও বিনিয়োগ

জাতিসংঘ অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী একাধিক রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধির সঙ্গে বৈঠক করবেন। তাঁর কর্মসূচিতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বঙ্গ, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তাসহ বিভিন্ন আন্তর্জাতিক ব্যক্তিত্বের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।

এ ছাড়া ভুটান, ক্রোয়েশিয়া, পাকিস্তান, থাইল্যান্ড ও হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের কর্মসূচিও রয়েছে। এসব আলোচনায় রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় উঠে আসার কথা রয়েছে।

অর্থনৈতিক কূটনীতিতেও নজর

সফরের অংশ হিসেবে ওয়াল স্ট্রিটের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। জেপিমরগানের সদর দপ্তরে অনুষ্ঠেয় বৈঠকে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ, উৎপাদন, অবকাঠামো, প্রযুক্তি, দক্ষ মানবসম্পদ ও তরুণদের কর্মসংস্থানের সুযোগ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘের মঞ্চে

তারেক রহমানের এবারের ভাষণের আরেকটি ঐতিহাসিক দিক রয়েছে। তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেন। তাঁর মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রথমবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেন ১৯৯৩ সালে এবং পরবর্তী বিভিন্ন অধিবেশনেও অংশ নেন। এবার পরিবারের তৃতীয় সদস্য হিসেবে একই বিশ্বমঞ্চে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান।

এদিকে ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন—যা এবারের বাংলাদেশের অংশগ্রহণে বাড়তি তাৎপর্য যোগ করেছে।

সংক্ষিপ্ত সফরসূচি

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে জাতিসংঘের বিভিন্ন উচ্চপর্যায়ের অনুষ্ঠান, বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু বিষয়ক আলোচনা এবং আন্তর্জাতিক ব্যবসায়ী মহলের সঙ্গে বৈঠক রয়েছে।

২৫ সেপ্টেম্বর রাতে নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

News For Justice | International Desk

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ