
নিজস্ব প্রতিবেদক | News for Justice
বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনজীবী হিসেবে লড়তে বাংলাদেশ বার কাউন্সিলে আবেদন করেছেন যুক্তরাজ্যের আইনজীবী গ্রায়েম এল. হল।
রোববার (৩০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন সালমান এফ রহমানের পক্ষে নিয়োজিত আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। তিনি জানান, তার সঙ্গে কাজ করার জন্য গ্রায়েম এল. হল বাংলাদেশ বার কাউন্সিলে আবেদন করেছেন।
এর আগে গত ১৪ আগস্ট বাংলাদেশ বার কাউন্সিলের সচিবের কাছে আবেদন করেন গ্রায়েম এল. হল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সালমান ফজলুর রহমানের পক্ষে বিদেশি আইনজীবী হিসেবে উপস্থিত হওয়ার অনুমতি চেয়ে করা ওই আবেদনে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ১১(৮) ধারার বিধান উল্লেখ করা হয়।
আবেদনে গ্রায়েম এল. হল বলেন, বাংলাদেশ থেকে নিয়োজিত স্থানীয় আইনজীবীদের পাশাপাশি সালমান ফজলুর রহমানের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিদেশি আইনজীবী হিসেবে তাকে উপস্থিত থাকার অনুমতি দেওয়া হোক।
আবেদনের সঙ্গে গ্রায়েম এল. হল তার পেশাগত প্রোফাইলসহ প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্রও সংযুক্ত করেছেন।
এখন বাংলাদেশ বার কাউন্সিলের অনুমোদনের পরই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সালমান এফ রহমানের পক্ষে বিদেশি আইনজীবী হিসেবে তার অংশগ্রহণের বিষয়টি চূড়ান্ত হবে।

