আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে, অপরাধ নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | News for Justice

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত সময়ের তুলনায় দেশের সামগ্রিক অপরাধ পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

তিনি বলেন, হত্যা, অপহরণ, নারী নির্যাতনসহ বিভিন্ন ধরনের অপরাধের হার কমেছে। আইনশৃঙ্খলা বাহিনীর নিরলস প্রচেষ্টায় জনগণের নিরাপত্তা ও শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে তাবলিগ জামাত বাংলাদেশের (সাদপন্থি) প্রতিনিধিদের সঙ্গে বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

১২ ঘণ্টায় ছিনতাইয়ের ঘটনায় মূল আসামি গ্রেফতার

অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের সক্রিয় ভূমিকার কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে এক শিক্ষিকা ছিনতাইয়ের শিকার হয়ে নিহত হওয়ার সাম্প্রতিক ঘটনার উদাহরণ দেন।

তিনি জানান, ওই ঘটনার মাত্র ১২ ঘণ্টার মধ্যে মূল আসামিকে গ্রেফতার, ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার এবং অপরাধীদের ব্যবহৃত মালামাল জব্দ করে আদালতে সোপর্দ করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভ্যন্তরীণ গোয়েন্দা ও মনিটরিং ব্যবস্থা অত্যন্ত সক্রিয় রয়েছে। বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে অসহযোগিতা বা দায়িত্বে গাফিলতির সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার প্রতিশ্রুতি

সরকার নিয়মিতভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত ও টেকসই করতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

তিনি বলেন, বিশ্ব ইজতেমা সর্বাত্মক শান্তিপূর্ণ পরিবেশে আয়োজন করতে সরকার বদ্ধপরিকর। কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করে তাবলিগ জামাতের উভয় পক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে ইজতেমা আয়োজনের আহ্বান জানানো হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার। এছাড়া স্বরাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং তাবলিগ জামাতের (সাদপন্থি) প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ