
বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ
নিজস্ব প্রতিবেদক, News for Justice
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটি থাকায় দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে বুধবার (২৬ আগস্ট) সব ধরনের বাণিজ্যিক আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।
এদিন কাস্টমস ও বন্দরের সব কার্যক্রমও বন্ধ রয়েছে। তবে বাংলাদেশ ও ভারতের মধ্যে বৈধ পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।
বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর সবুর জানান, সরকারি ছুটির কারণে বুধবার বন্দর দিয়ে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। ছুটি শেষে বৃহস্পতিবার সকাল থেকে কাস্টমস ও বন্দরের স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হবে।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন খান বলেন, পণ্য পরিবহন বন্ধ থাকলেও বৈধ পাসপোর্টধারী যাত্রীদের বাংলাদেশ-ভারত যাতায়াত চালু রয়েছে।
বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন জানান, সরকারি ছুটির কারণে আমদানি-রপ্তানি, কাস্টমসসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় পণ্য আমদানি-রপ্তানি শুরু হবে। তবে বন্দরে পণ্য খালাসের পর খালি ট্রাকগুলো ফিরে যেতে পারবে।
সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতিদিন প্রায় ৫০০ ট্রাকে বিভিন্ন ধরনের পণ্য আমদানি-রপ্তানি হয়। এছাড়া চিকিৎসা, ব্যবসা ও অন্যান্য প্রয়োজনে প্রতিদিন দেড় হাজারের বেশি পাসপোর্টধারী যাত্রী এই পথে বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াত করেন।
বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি থেকে প্রতিদিন সরকারের প্রায় ১০ কোটি টাকা রাজস্ব আদায় হয়। আর পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত থেকে প্রতিদিন প্রায় ২০ লাখ টাকা রাজস্ব আসে।
ছুটি শেষে বৃহস্পতিবার সকাল থেকে বেনাপোল স্থলবন্দরে পুনরায় স্বাভাবিকভাবে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

