
মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত জামায়াতের সাবেক সদস্যের আপিল আজ আপিল বিভাগের কার্যতালিকায়
নিউজ ফর জাস্টিস | ডেস্ক রিপোর্ট
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সদস্য মাওলানা আবুল কালাম আযাদ অবশেষে তার দণ্ডের বিরুদ্ধে আপিল করেছেন। দীর্ঘ ১৩ বছর পর করা এই আপিল আজ সোমবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যতালিকায় রয়েছে।
২০১৩ সালের ২১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ পলাতক অবস্থায় থাকা আবুল কালাম আযাদকে মৃত্যুদণ্ড দেন। স্বাধীনতার ৪১ বছর পর মানবতাবিরোধী অপরাধের মামলায় এটিই ছিল প্রথম রায়।
মুক্তিযুদ্ধের সময় ফরিদপুরের বিভিন্ন এলাকায় মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। তবে রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন। বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে ইসলাম বিষয়ক অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে তিনি ব্যাপকভাবে পরিচিত ছিলেন।
১৩ বছর পর আত্মসমর্পণ
দীর্ঘ সময় পলাতক থাকার পর চলতি বছরের ২১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন আবুল কালাম আযাদ।
আইনজীবীর ভাষ্য অনুযায়ী, রাষ্ট্রপতির কাছে করা আবেদনের পর তার মৃত্যুদণ্ডের সাজা এক বছরের জন্য স্থগিত করা হয়। আপিল করার শর্তেই তাকে আত্মসমর্পণের সুযোগ দেওয়া হয়।
এ বিষয়ে আবুল কালাম আযাদের আইনজীবী মশিউল আলম জানান, ২০১৩ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছিল। পরবর্তীতে রাষ্ট্রপতির কাছে আবেদনের পর আপিল দায়েরের শর্তে এক বছরের জন্য তার সাজা স্থগিত করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করার পর তিনি ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন।
আপিলের নথিপত্র দেওয়ার নির্দেশ
আত্মসমর্পণের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তার আত্মসমর্পণ গ্রহণ করেন এবং আপিল দায়েরের জন্য প্রয়োজনীয় নথিপত্র সরবরাহের নির্দেশ দেন।
এর ধারাবাহিকতায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করেন আবুল কালাম আযাদ। তার করা আপিলটি আজ আপিল বিভাগের কার্যতালিকায় রয়েছে।
এখন আপিল বিভাগে তার মৃত্যুদণ্ড বহাল থাকবে, নাকি মামলার রায় ও সাজা নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত আসবে—সেদিকেই নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।
News For Justice | সত্যের পক্ষে, ন্যায়ের পথে

