
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
নিউজ ফর জাস্টিস | জাতীয়
সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন।
রিটে সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। ওই অনুচ্ছেদ অনুযায়ী, কোনো রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্য দল থেকে পদত্যাগ করলে অথবা সংসদে দলের বিপক্ষে ভোট দিলে তার সংসদীয় আসন শূন্য হবে।
রিটকারী আইনজীবীর দাবি, এই বিধানের কারণে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এতে তাদের গণতান্ত্রিক অধিকার বাধাগ্রস্ত হচ্ছে বলেও তিনি দাবি করেন।
এ কারণে রাষ্ট্রপতি নির্বাচনের বর্তমান প্রক্রিয়া স্থগিত চেয়ে আদালতের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
এদিকে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ বৃহস্পতিবার। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।
তফসিল অনুযায়ী, আগামী ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই, ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় এবং ২০ আগস্ট ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়েরের ঘটনায় দেশের আইনি ও রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
নিউজ ফর জাস্টিস সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে

