
রাজধানীর সড়কে ট্রাফিক আইন বাস্তবায়নে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তির ব্যবহার আরও সম্প্রসারণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ জানিয়েছেন, বর্তমানে রাজধানীর ১৯টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে এআইভিত্তিক ট্রাফিক ক্যামেরা চালু রয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে এখন পর্যন্ত ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় ১ হাজার ৫০০টি মামলা এবং প্রায় ৩৮ হাজার গাড়ির মালিকের কাছে সমন জারি করা হয়েছে।
মঙ্গলবার তেজগাঁও ট্রাফিক বিভাগের লেক রোডে নতুন চারটি এআই ক্যামেরার উদ্বোধন শেষে তিনি এ তথ্য জানান। কমিশনার বলেন, আগে ১৫টি ইন্টারসেকশনে এ প্রযুক্তি চালু ছিল, নতুন চারটি যুক্ত হওয়ায় মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৯-এ। ক্যামেরায় শনাক্ত হওয়া আইন লঙ্ঘনের ঘটনায় এসএমএসের পাশাপাশি ডাকযোগেও গাড়ির নিবন্ধিত মালিকের ঠিকানায় নোটিশ পাঠানো হচ্ছে।
তিনি আরও জানান, রাজধানীর অন্যান্য গুরুত্বপূর্ণ মোড়েও পর্যায়ক্রমে এআই ক্যামেরা বসানো হবে। পাশাপাশি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়নে ডিএমপি সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

