
নিজস্ব প্রতিবেদক :: হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে জাপানকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোর টিকিট নিশ্চিত করার আনন্দটা বেশিক্ষণ স্থায়ী হলো না ব্রাজিল শিবিরে। নাটকীয় জয়ের রেশ কাটতে না কাটতেই সেলেসাওদের জন্য এল বড় দুঃসংবাদ। নকআউটের গুরুত্বপূর্ণ এই ম্যাচে চোট নিয়ে মাঠ ছাড়তে হয়েছে দলের দুই গুরুত্বপূর্ণ মিডফিল্ডার—লুকাস পাকুয়েতা এবং কাসেমিরোকে।
ম্যাচের প্রথমার্ধের বিরতির আগেই অ্যাটাকিং মিডফিল্ডার লুকাস পাকুয়েতাকে অস্বস্তিবোধ করতে দেখা যায়। দ্বিতীয়ার্থে মাঠে ফেরার সময় তাকে কিছুটা খোঁড়াতে দেখা গিয়েছিল। পরিস্থিতি বিবেচনায় ঝুঁকি না নিয়ে কোচ কার্লো আনচেলত্তি দ্রুতই তাকে মাঠ থেকে তুলে নেন এবং তার পরিবর্তে এন্ড্রিককে মাঠে নামান। ম্যাচ শেষে ডাগআউটে বসে তার পায়ে আইসব্যাগ (বরফ) লাগাতে দেখা যায় এবং তাকে বেশ চিন্তিত দেখাচ্ছিল।
এমমকি ম্যাচে সমতা ফেরানো গোলটি করা কাসেমিরোও রক্ষা পাননি। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে কুঁচকির চোটে পড়ে মাঠ ছাড়তে হয় অভিজ্ঞ এই তারকাকে। প্রাথমিক চিকিৎসার পরও খেলা চালিয়ে যেতে না পারায় তাকে মাঠ থেকে উঠে যেতে হয়, যার বদলি হিসেবে ফ্যাবিনিও মাঠে নামেন। যদিও ম্যাচের শেষদিকে তাকে দলের সঙ্গে জয় উদযাপনে ফুরফুরে মেজাজে দেখা গেছে, তবে চোটের তীব্রতা নিয়ে ভক্তদের মধ্যে উদ্বেগ কাটেনি।

