ধানমন্ডিতে দিনদুপুরে ৩৯ লাখ টাকা ছিনতাই, পিস্তলসহ আটক ১

ধানমন্ডিতে দিনদুপুরে ৩৯ লাখ টাকা ছিনতাই, পিস্তলসহ আটক ১

রাজধানীর ধানমন্ডিতে ব্যাংক থেকে উত্তোলন করা ৩৯ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় পিস্তলসহ তানভীর আবেদীন জুয়েল (৪১) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই চক্রের আরও দুজনকে আটক করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে ধানমন্ডি লেক এলাকায় এ ঘটনা ঘটে।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, এক ব্যক্তি ব্যাংক থেকে ৩৯ লাখ টাকা উত্তোলন করে নিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি তার টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন।

এ সময় ভুক্তভোগী ছিনতাইকারীদের পেছনে ধাওয়া করেন। একপর্যায়ে মোটরসাইকেল থেকে একজন রাস্তায় ছিটকে পড়লে স্থানীয়রা তাকে ধরে ফেলেন। পরে তার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়।

খবর পেয়ে ৯৯৯-এর মাধ্যমে ধানমন্ডি থানাকে দ্রুত ব্যবস্থা নিতে জানানো হয়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ পিস্তলসহ তানভীর আবেদীন জুয়েলকে আটক করে।

পুলিশ জানায়, জুয়েলকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ধানমন্ডি থানার একাধিক টিম এবং গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল যৌথভাবে অভিযান চালিয়ে একই ছিনতাইকারী চক্রের সঙ্গে জড়িত আরও দুজনকে আটক করেছে।

তবে তাৎক্ষণিকভাবে আটক অপর দুই ব্যক্তির পরিচয় জানায়নি পুলিশ।

ছিনতাই হওয়া ৩৯ লাখ টাকা উদ্ধারে অভিযান চলছে। একই সঙ্গে এ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ