রাজধানীতে ছিনতাইকারীর কবলে পড়ে এক প্রধান শিক্ষিকার মৃত্যু

সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

নিউজ ফর জাস্টিস ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬

রাজধানীতে ছিনতাইকারীর কবলে পড়ে রিকশা থেকে ছিটকে পড়ে এক প্রধান শিক্ষিকার মৃত্যু হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে এ ঘটনা ঘটে।

নিহত মোসা. রনজিনা পারভীন বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চিকিৎসকের পরামর্শে চোখ দেখাতে শনিবার ভোরে বগুড়া থেকে ঢাকায় আসেন রনজিনা পারভীন। গাবতলী থেকে রিকশাযোগে ফার্মগেটের ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাওয়ার পথে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পেছন থেকে মোটরসাইকেলে আসা এক ছিনতাইকারী তার ব্যাগ ধরে টান দেয়।

এ সময় রিকশা থেকে পড়ে গিয়ে রনজিনা পারভীনের মাথায় গুরুতর আঘাত লাগে এবং মাথা ফেটে যায়। পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার বিষয়ে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। দ্রুত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

ঘটনাটি রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা ও ছিনতাই প্রতিরোধে পুলিশের কার্যক্রম নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ