
নিজস্ব প্রতিবেদক | News for Justice
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের দিনক্ষণ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে প্রশ্ন উঠেছে। তবে এ বিষয়ে মন্তব্য করার মতো কোনো তথ্য নেই বলে জানিয়েছে ভারত।
শুক্রবার (২১ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর সম্পর্কে তার কাছে মন্তব্য করার মতো কোনো তথ্য নেই। এ বিষয়ে নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।
সামরিক জোট নিয়ে গুঞ্জন
সংবাদ সম্মেলনে বাংলাদেশ সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের কোনো সামরিক জোটে যোগ দিতে পারে—এমন গুঞ্জন নিয়েও ভারতের অবস্থান জানতে চাওয়া হয়।
জবাবে রণধীর জয়সোয়াল বলেন, ভারত পশ্চিম এশিয়ার পরিস্থিতি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তবে এ মুহূর্তে বিষয়টি নিয়ে এর চেয়ে বেশি কিছু বলার নেই বলে জানান তিনি।
গঙ্গা পানি চুক্তি নিয়েও আলোচনা
এদিকে ১৯৯৬ সালের গঙ্গা পানি বণ্টন চুক্তির ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন করা হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে।
জবাবে তিনি বলেন, ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গা পানি চুক্তির মেয়াদ ৩০ বছর। ভারত-বাংলাদেশের নদীসংক্রান্ত বিষয়গুলো যৌথ নদী কমিশনের (JRC) আওতায় আলোচনা হয়।
তিনি আরও জানান, গঙ্গা পানি চুক্তির আওতায় যৌথ কমিটির বৈঠকও কারিগরি পর্যায়ে নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে।
News for Justice
সত্যের পক্ষে, ন্যায়ের পথে

