শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন, সন্ধ্যায় দায়িত্ব নেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

News for Justice | জাতীয়

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানের জন্য বঙ্গভবনের দরবার হল প্রস্তুত করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানিয়েছেন, শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ অনুষ্ঠানটি পরিচালনা করছে।

শপথবাক্য পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি। মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, অনুষ্ঠানে ১ হাজার ২০০-এর বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রায় এক মাস আগে থেকেই প্রস্তুতি শুরু করে মন্ত্রিপরিষদ বিভাগ ও রাষ্ট্রপতির কার্যালয়। আমন্ত্রিত অতিথিদের তালিকা প্রস্তুত, আমন্ত্রণপত্র বিতরণ, প্রটোকল, আসনবিন্যাস ও নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে ধাপে ধাপে প্রস্তুতি নেওয়া হয়েছে।

বঙ্গভবনের দরবার হলে বর্তমানে প্রায় ৭০০ জনের বসার ব্যবস্থা রয়েছে। তবে এবার বিপুলসংখ্যক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। সংশ্লিষ্টদের তথ্যমতে, দরবার হলের ভেতরে বাড়তি আসনের ব্যবস্থা করার পাশাপাশি বারান্দা ও বাইরের প্যান্ডেলে এলইডি স্ক্রিন স্থাপন করা হয়েছে, যাতে আমন্ত্রিত অতিথিরা শপথ অনুষ্ঠান দেখতে পারেন।

রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট

এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।

রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন সংসদ সদস্য। তাদের মধ্যে ৯ জন ভোটদানে অনুপস্থিত ছিলেন। ভোটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। অলি আহমদ পান ৮৮ ভোট।

ভোট গণনা শেষে নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ফলাফল ঘোষণা করেন। পরে সন্ধ্যায় রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলসংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।

শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

News for Justice
সত্যের পক্ষে, ন্যায়ের পথে

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ