এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউরের দুর্নীতি মামলার বিচার শুরু

📰 News for Justice | বিশেষ প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক | News for Justice
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬

প্রায় ৫ কোটি ৪০ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় আলোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি. এম. তারিকুল কবীর অভিযোগ গঠন করে আগামী ১৪ সেপ্টেম্বর সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করেন।

আদালতে অভিযোগ পাঠ করে শোনানো হলে মতিউর রহমান নিজেকে নির্দোষ দাবি করেন এবং ন্যায়বিচার প্রার্থনা করেন। তবে শুনানি শেষে আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন এবং জামিন আবেদন নাকচ করেন।

দুদকের অভিযোগ অনুযায়ী, মতিউর রহমান সম্পদ বিবরণীতে তথ্য গোপনসহ ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ৫ কোটি ৪০ লাখ ৯৭ হাজার ৬৭২ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তার বিরুদ্ধে দুদক আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের কোরবানির ঈদে ১৫ লাখ টাকার একটি ছাগল কেনাকে কেন্দ্র করে আলোচনার পর মতিউর রহমানের বিরুদ্ধে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। পরবর্তীতে দুদক অনুসন্ধান শুরু করে এবং ২০২৫ সালের ১৪ জানুয়ারি তাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

News for Justice
ন্যায়ের পক্ষে • সত্যের সন্ধানে

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ