রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল শিগগিরই ঘোষণা করবে ইসি: কমিশনার মাছউদ

২৪ জুলাই /২০২৬ /ঢাকা
News For Justice | স্টাফ রিপোর্টার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল দ্রুত ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।

শুক্রবার (২৪ জুলাই) গণমাধ্যমকে তিনি বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে। সে অনুযায়ী নির্বাচন কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে এবং খুব শিগগিরই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
ইসি মাছউদ জানান, সংবিধানের ১২৩ অনুচ্ছেদ এবং রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

তিনি আরও বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল সংরক্ষিত নারী আসনের নির্বাচনের মতো ঘোষণা করা হবে। মনোনয়নপত্র দাখিল, যাচাই, প্রত্যাহার এবং ভোটগ্রহণের সময়সূচি তফসিলে উল্লেখ থাকবে। যদি একজন মাত্র বৈধ প্রার্থী থাকেন, তাহলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, শনিবার সাপ্তাহিক ছুটির কারণে কমিশনের কার্যক্রম বন্ধ থাকবে। রোববার অথবা পরবর্তী কার্যদিবসে তফসিল ঘোষণার বিষয়ে কমিশন আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিতে পারে।

বর্তমান সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদের ৩৫০ জন সদস্য রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার হিসেবে বিবেচিত হবেন। সেই অনুযায়ী ভোটার তালিকা চূড়ান্ত করার পর তফসিল ঘোষণা করা হবে।

এর আগে শুক্রবার বিকেলে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জরুরি সংবাদ সম্মেলনে জানান, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন।
রাষ্ট্রপতি তার পদত্যাগপত্রে উল্লেখ করেন, হৃদ্‌রোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি জটিলতা এবং অন্যান্য শারীরিক অসুস্থতার কারণে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা তার পক্ষে আর সম্ভব হচ্ছে না।

প্রসঙ্গত, মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। তার পদত্যাগের ফলে এখন নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ