ব্রাজিল-জার্মানির পর টানা ৩ বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স

স্পোর্টস ডেস্ক :
বিশ্ব ফুটবলের এক অনন্য মাইলফলক স্পর্শ করল ফ্রান্স। নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো টানা তিনটি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার গৌরব অর্জন করেছে তারা।

২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোকে হারিয়ে শেষ চারে পা রাখার মাধ্যমে তারা এই কীর্তি গড়ে। ফুটবল ইতিহাসে ফ্রান্সের আগে কেবল ব্রাজিল ও জার্মানিই এই গৌরবময় রেকর্ড অর্জন করতে পেরেছিল।

এই অবিশ্বাস্য ধারাবাহিকতা গত এক দশকে ফ্রান্সকে বিশ্ব ফুটবলের অন্যতম প্রধান পরাশক্তি হিসেবে পুনপ্রতিষ্ঠিত করেছে। ২০১৮ সালে রাশিয়ায় বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া, ২০২২ সালে কাতারে রানার্সআপ হওয়া এবং এবার ২০২৬ বিশ্বকাপে আবারও সেমিফাইনালে জায়গা করে নেওয়া; ফরাসি ফুটবলের এক সোনালী অধ্যায়েরই প্রমাণ দেয়।

 
বিশ্বকাপের ইতিহাসে টানা তিনবার সেরা চারে থাকার এই রেকর্ডের পথপ্রদর্শক ছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। তারা দুই দফায় এই কীর্তি গড়েছে।

প্রথমবার ১৯৭০, ১৯৭৪ এবং ১৯৭৮ সালের বিশ্বকাপে তারা টানা শীর্ষ চারে অবস্থান করে। ১৯৭০ সালে মেক্সিকোর মাটিতে পেলে, জাইরজিনহো, তোস্তাও, গারসন ও কার্লোস আলবার্তো তোরেসদের হাত ধরে তারা তৃতীয় শিরোপা জিতেছিল।১৯৭৪ সালে পশ্চিম জার্মানিতে সেমিফাইনালের পরিবর্তে চার দলের ফাইনাল রাউন্ডের নিয়ম ছিল, সেখানেও ব্রাজিল শীর্ষ চারে থেকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পোল্যান্ডের কাছে হারে। এরপর ১৯৭৮ সালে আর্জেন্টিনাতেও তারা অপরাজিত থেকে টুর্নামেন্ট শেষ করে এবং ইতালিকে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করে।  এর ঠিক দুই দশক পর, ১৯৯৪ থেকে ২০০২ সালের মধ্যে ব্রাজিল আবারও এই কীর্তির পুনরাবৃত্তি করে।

১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে ইতালিকে হারিয়ে চতুর্থ শিরোপা জয়, ১৯৯৮ সালে ফ্রান্সে রানার্সআপ হওয়া এবং সবশেষ ২০০২ সালে লুইজ ফেলিপে স্কোলারির অধীনে জার্মানিকে হারিয়ে পঞ্চম শিরোপা জিতে টানা তিনবার সেমিফাইনাল বা তার চেয়ে দূরবর্তী ধাপে পৌঁছানোর রেকর্ড পূর্ণ করে সেলেসাওরা।  জার্মানির অবিশ্বাস্য ধারাবাহিকতা

ধারাবাহিকতার দিক থেকে জার্মানিও (তৎকালীন পশ্চিম জার্মানি) অনন্য রেকর্ড গড়েছে। তারা ১৯৬৬ সালে রানার্সআপ, ১৯৭০ সালে ইতালির কাছে স্মরণীয় সেমিফাইনালে হেরে তৃতীয় এবং ১৯৭৪ সালে ইয়োহান ক্রুইফের নেদারল্যান্ডসকে হারিয়ে দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে প্রথমবার টানা তিন আসরের শীর্ষ চারে নাম লেখায়।

পরবর্তীতে ১৯৮২, ১৯৮৬ এবং ১৯৯০ সালের বিশ্বকাপেও তারা টানা তিনবার ফাইনালে ওঠে, যার মধ্যে ১৯৯০ সালে আর্জেন্টিনাকে হারিয়ে তারা তাদের তৃতীয় শিরোপা জয় করে।

দেশটির পুনরেকত্রীকরণের পর জার্মানি আরও একটি চোখধাঁধানো রেকর্ড গড়ে। ২০০২ থেকে ২০১৪ সাল পর্যন্ত তারা একমাত্র দল হিসেবে টানা চারটি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার গৌরব অর্জন করে। এই যাত্রায় তারা ২০০২ সালে রানার্সআপ হয়, ২০০৬ ও ২০১০ সালে তৃতীয় স্থান লাভ করে এবং সবশেষ ২০১৪ সালে স্বাগতিক ব্রাজিলকে ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠে এবং আর্জেন্টিনাকে পরাজিত করে চতুর্থবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল।

বিশ্বকাপের মঞ্চে টানা তিনবার সেমিফাইনালে ওঠা দিদিয়ের দেশমের ফ্রান্স দলের জন্য এক নজিরবিহীন গৌরব। এই জয়রথ শুরু হয়েছিল ২০১৮ সালে ক্রোয়েশিয়াকে হারিয়ে দ্বিতীয় শিরোপা জয়ের মধ্য দিয়ে। এরপর ২০২২ সালে কাতারে আর্জেন্টিনার সাথে ৩-৩ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে হেরে রানার্সআপ হয় তারা।

এবার ২০২৬ সালের মঞ্চে মরক্কোকে বিদায় করে আবারও সেরা চারে জায়গা নিশ্চিত করে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ধারাবাহিক দল হিসেবে নিজেদের নাম লেখাল ‘লে ব্লুজ’রা।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ