
বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়ার বিদায় দেশটির ফুটবলকে ঘিরে এমন এক সংকটের জন্ম দিয়েছে, যা এখন আর শুধু মাঠের খেলায় সীমাবদ্ধ নেই। জাতীয় দলের প্রধান কোচ হং মিউং-বো সামাজিক যোগাযোগমাধ্যমে হত্যার হুমকির মুখে পড়েছেন। একই সঙ্গে তাকে জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া নিয়েও তদন্ত জোরদার করেছে দক্ষিণ কোরিয়ার পুলিশ।
সিউল মেট্রোপলিটন পুলিশ এজেন্সির তথ্য অনুযায়ী, হং মিউং-বোকে নিয়োগ দেওয়ার বিষয়ে মোট আটটি অভিযোগ জমা পড়েছে। সোমবার পুলিশ জানিয়েছে, কোরিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের (কেএফএ) সভাপতি চুং মং-গ্যু এবং সংস্থাটির টেকনিক্যাল ডিরেক্টর লি লিম-সেংয়ের বিরুদ্ধে কোনো ধরনের অনিয়ম হয়েছে কি না, তা খতিয়ে দেখতে আইনি বিশ্লেষণসহ বিভিন্ন তদন্ত কার্যক্রম চালানো হচ্ছে।
এই তদন্তের সূচনা হয়েছিল ২০২৪ সালের জুলাইয়ে। সে সময় কোচ নিয়োগ প্রক্রিয়ায় দায়িত্ব পালনে বাধা সৃষ্টি ও বিশ্বস্ততার দায়িত্ব লঙ্ঘনের অভিযোগ এনে কেএফএর কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করা হয়।
চলতি বছর মামলাটি নতুন গতি পায়, যখন সিউল প্রশাসনিক আদালত রায় দেয় যে, হং মিউং-বোকে প্রধান প্রার্থী হিসেবে বেছে নেওয়ার ক্ষেত্রে কেএফএ অবৈধভাবে নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করেছে। তবে এই রায়ের বিরুদ্ধে আপিল করেছে ফেডারেশন, যার চূড়ান্ত নিষ্পত্তি এখনো হয়নি।

