মুক্তিযোদ্ধাদের সম্মান রাষ্ট্রের দায়, সংবর্ধনায় সেই দায় পালনের বার্তা প্রধানমন্ত্রীর

News For Justice | জাতীয়

মুক্তিযোদ্ধাদের সম্মানিত করার মধ্য দিয়ে রাষ্ট্র তার ঐতিহাসিক দায় কিছুটা হলেও পূরণের চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, মুক্তিযোদ্ধাদের সাহস, আত্মত্যাগ ও স্বাধীনতার জন্য লড়াইয়ের গৌরব একটি জাতির সবচেয়ে মূল্যবান অর্জন।

শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সময়ের নিয়মে অনেক বীর মুক্তিযোদ্ধা আজ বয়সের ভারে ক্লান্ত। কিন্তু জীবন সায়াহ্নেও তাঁদের চোখে স্বাধীনতার সেই দীপ্তি অমলিন। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা জীবন্ত কিংবদন্তিদের সম্মান জানাতে সশস্ত্র বাহিনী বিভাগ প্রতিবছর যে উদ্যোগ গ্রহণ করে আসছে, তা প্রশংসনীয়।

তিনি বলেন, লাখো মানুষের প্রাণ, অসংখ্য মা-বোনের সম্ভ্রম, আহত মানুষের আর্তনাদ ও পঙ্গুত্বের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশ। সেই স্বাধীনতার জন্য যাঁরা জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, তাঁদের প্রতি রাষ্ট্র ও জাতির কৃতজ্ঞতা কখনো শেষ হওয়ার নয়।

‘মুক্তিযোদ্ধারা জাতির অনন্য গৌরব’

বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করে তারেক রহমান বলেন, এসব উপাধির চেয়েও বড় অর্জন হচ্ছে একটি জাতির স্বাধীনতার জন্য লড়াই করে বিজয়ী হওয়ার গৌরব। এমন অর্জন সবার জীবনে আসে না। মুক্তিযোদ্ধারা সে কারণেই অনন্য ও অসাধারণ।

সংবর্ধনায় উপস্থিত মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, উপস্থিত অনেকেই সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, আবার অনেকের পরিবারের সদস্য শহীদ হয়েছেন। তাঁরা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে বাংলাদেশের স্বাধীনতার গৌরবের অংশীদার।

মুক্তিযোদ্ধা পরিবারের পাশে থাকার অঙ্গীকার

প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিবারের কল্যাণে রাষ্ট্রের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত থাকবে। মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো কেবল আনুষ্ঠানিকতা নয়, এটি রাষ্ট্রের নৈতিক দায়িত্ব।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও আত্মত্যাগের ভিত্তিতে বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি অনুকরণীয়, আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।

নিজেকে একজন মুক্তিযোদ্ধার সন্তান উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের যেকোনো গৌরব এবং সাফল্য তাঁকেও গভীরভাবে আন্দোলিত করে।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, সাত বীরশ্রেষ্ঠের পরিবারের সদস্য এবং প্রায় ১০১ জন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীরা অনুষ্ঠানে অংশ নেন।

News For Justice | সত্যের পক্ষে, ন্যায়ের পথে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ