
নিতম্বে চোটের কারণে প্রায় এক মাস ধরে শুটিং থেকে দূরে ছিলেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশ্মিকা মান্দানা। এবার সুস্থ হয়ে আবারও শুটিং সেটে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
বিনোদন ডেস্ক | News for Justice
আসন্ন সিনেমা ‘মাইসা’-এর শুটিং করতে গিয়ে চোট পান রাশ্মিকা। সিনেমাটির একটি নাচের দৃশ্যের শুটিংয়ের সময় তার ডান হিপে আঘাত লাগে। এরপর চিকিৎসকের পরামর্শে তাকে বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হয়।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ছুটির সময়ের বেশ কিছু ছবি ও ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। কখনও বাড়িতে সময় কাটাতে, আবার কখনও ছুটির মুহূর্ত উপভোগ করতে দেখা যায় তাকে।
ইনস্টাগ্রামে দেওয়া পোস্টের ক্যাপশনে রাশ্মিকা লিখেছেন, “আমি শিগগিরই কাজে ফিরছি। আর নিশ্চিতভাবেই এই সময়গুলোকে খুব মিস করব।”
এর আগে গত ৩ আগস্ট নিজের শারীরিক অবস্থার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের আশ্বস্ত করেছিলেন রাশ্মিকা। তখন তিনি জানান, শুরুতে চোটের বিষয়টি প্রকাশ করতে চাননি। তবে পরপর তিনবার চোট পাওয়ার পর নিজের শরীরকে যন্ত্রের মতো না দেখে মানুষের শরীর হিসেবে যত্ন নেওয়ার প্রয়োজনীয়তা উপলব্ধি করেছেন।
চোটের কারণে দীর্ঘ বিরতির পর এবার কাজে ফেরার অপেক্ষায় রয়েছেন এই অভিনেত্রী। ‘মাইসা’ সিনেমার শুটিংসহ তার অন্যান্য কাজও শিগগিরই শুরু হওয়ার কথা রয়েছে।

