
‘গ্যাস না থাকলে বিল নয়, সেবা না মিললে কর নয়’: রুমিন ফারহানা
গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। গ্যাস সরবরাহ না থাকলে বিল এবং সেবা না মিললে কর না দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
নিজস্ব প্রতিবেদক | News for Justice
শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ২টা ২৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রুমিন ফারহানা লেখেন— ‘No gas, no bill. No service, no tax’।
বাংলায় যার অর্থ— ‘গ্যাস না থাকলে বিল নয়, সেবা না মিললে কর নয়।’
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ৭১ বিধিতে দেওয়া বক্তব্যেও দেশের চলমান গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
সংসদে বক্তব্য দেওয়ার সময় রুমিন ফারহানা বলেন, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে সাধারণ মানুষ নিয়মিত ভোগান্তির শিকার হচ্ছেন। কখন গ্যাস বা বিদ্যুৎ আসে এবং কখন চলে যায়—তা নিয়ে মানুষের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
তিনি জনদুর্ভোগের প্রসঙ্গ তুলে ধরে বলেন, গ্যাস ও বিদ্যুতের সরবরাহ পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে। প্রয়োজনীয় নাগরিক সেবা নিশ্চিত করার পাশাপাশি সেবার মান ও ধারাবাহিকতা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে রুমিন ফারহানার দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে গ্যাস সরবরাহ ও নাগরিক সেবা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

