
রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে ৪৪টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
নিজস্ব প্রতিবেদক | News for Justice
শনিবার (৫ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপি জানায়, অভিযানে গ্রেপ্তার ৪৩৪ জনের মধ্যে রমনা বিভাগ ২৬ জন, লালবাগ বিভাগ ৩৩ জন, ওয়ারী বিভাগ ৪২ জন, মতিঝিল বিভাগ ৫৯ জন, তেজগাঁও বিভাগ ৫৯ জন, মিরপুর বিভাগ ১৩৬ জন, গুলশান বিভাগ ৩৬ জন, উত্তরা বিভাগ ৩৬ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ৭ জনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে একটি বিদেশি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ৩ হাজার ৫৮৯ পিস ইয়াবা, ৯ দশমিক ৪ গ্রাম হেরোইন, ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও দুটি বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করেছে পুলিশ।
এ সময় নগদ ১ হাজার ৫৪০ টাকা এবং একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
ডিএমপি আরও জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

