চীনা প্রতিষ্ঠানের কাছ থেকে প্রতি ইউনিট ২৫ টাকায় বিদ্যুৎ কিনবে সরকার

আমিনবাজারে বর্জ্য থেকে বিদ্যুৎ

নিজস্ব প্রতিবেদক | News for Justice

ঢাকার আমিনবাজারে বর্জ্য থেকে উৎপাদিত বিদ্যুৎ চীনের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে প্রতি ইউনিট ২৫ টাকা দরে কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে নেওয়া প্রকল্পটি আগামী ১৮ মাসের মধ্যে উৎপাদনে যাওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

প্রকল্পটি নির্ধারিত সময় অনুযায়ী এগোলে ২০২৮ সালের আগস্ট বা সেপ্টেম্বর নাগাদ উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে।

প্রতিমন্ত্রী বলেন, প্রতি ইউনিট বিদ্যুতের দাম তুলনামূলক বেশি মনে হলেও প্রকল্পটির মাধ্যমে ঢাকার বর্জ্য ব্যবস্থাপনার একটি বড় সমস্যার সমাধান হবে। বর্জ্য অপসারণের পাশাপাশি পরিবেশগত সুবিধা এবং কার্বন ক্রেডিটের বিষয়টি বিবেচনায় নিলে এই ব্যয় পুষিয়ে নেওয়া সম্ভব হবে।

সরকারের বিনিয়োগ লাগবে না

প্রকল্পটির অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো—এতে বাংলাদেশ সরকারকে কোনো বিনিয়োগ করতে হবে না। চীনা বিনিয়োগকারী প্রতিষ্ঠান নিজস্ব অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করবে।

শুধু বিদ্যুৎ উৎপাদন নয়, প্রকল্পের আওতায় বর্জ্য প্রক্রিয়াজাত করে জৈব সার উৎপাদনের পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি ল্যান্ডফিল ব্যবহারের জন্য বিনিয়োগকারী প্রতিষ্ঠান সিটি করপোরেশনকে নিয়মিত মাসিক ভাড়া দেবে।

দক্ষিণ ঢাকার বর্জ্য থেকেও বিদ্যুৎ

আমিনবাজারের পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ল্যান্ডফিলে জমে থাকা বর্জ্য থেকেও বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। ওই প্রকল্পের মাধ্যমে প্রতিদিন আরও ৪০ থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

এ লক্ষ্যে চীনের আরেক প্রতিষ্ঠান ‘পাওয়ার চায়না’র সঙ্গে যোগাযোগের কাজ চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বর্জ্য ব্যবস্থাপনা, বিদ্যুৎ উৎপাদন এবং পরিবেশ সুরক্ষাকে একসঙ্গে এগিয়ে নিতে এসব প্রকল্প বাস্তবায়িত হলে ঢাকার দীর্ঘদিনের বর্জ্য ব্যবস্থাপনা সংকট মোকাবিলায় নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ