মানবতাবিরোধী অপরাধের মামলায় তিন সাংবাদিককে গ্রেপ্তারে সিজেএর উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক, News for Justice

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে গ্রেপ্তার দেখানোয় নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (সিজেএ)।

সাংবাদিকদের আন্তর্জাতিক এই সংগঠন বলেছে, তিন সাংবাদিকের বিরুদ্ধে আনা অভিযোগগুলো মানবতাবিরোধী অপরাধের আওতায় পড়ে কি না, তা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে।

জুলাই অভ্যুত্থানের সময় হত্যা ও নির্যাতনে উসকানির অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

শ্যামল দত্ত জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের সম্পাদক। মোজাম্মেল বাবু একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক এবং ফারজানা রূপা একই প্রতিষ্ঠানের সাবেক প্রধান প্রতিবেদক।

মামলার শুনানিতে প্রসিকিউশন অভিযোগ করে, ২০২৪ সালের ১৪ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণভবনের সংবাদ সম্মেলনসহ পরবর্তী সময়ে তারা কোটা সংস্কার আন্দোলন নিয়ে উসকানিমূলক বক্তব্য দিয়েছেন।

তবে সিজেএর বিবৃতিতে বলা হয়েছে, কোনো রাজনৈতিক নেতাকে সংবাদ সম্মেলনে সাংবাদিকের করা প্রশ্ন বিতর্কিত বা কঠোর হলেও তা সাংবাদিকের পেশাগত দায়িত্বের অংশ। শুধু প্রশ্ন করার কারণে কোনো সাংবাদিকের কর্মকাণ্ডকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচনা করা যায় না।

সিজেএ মনে করে, পেশাগত দায়িত্ব পালনের কারণে সাংবাদিকদের বিচারের মুখোমুখি করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ব্যবহার করা বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতার জন্য অত্যন্ত উদ্বেগজনক নজির তৈরি করতে পারে।

সংগঠনটি আরও বলেছে, বিশ্বাসযোগ্য প্রমাণ থাকলে সাংবাদিকদের অবশ্যই আইনের আওতায় এনে জবাবদিহি নিশ্চিত করা উচিত। তবে শুধু প্রশ্ন করা, কোনো ঘটনা নিয়ে প্রতিবেদন করা কিংবা রাজনৈতিকভাবে কোনো পক্ষের প্রতি সহানুভূতিশীল মনে হওয়ার কারণে সাংবাদিকদের অপরাধী হিসেবে চিহ্নিত করা উচিত নয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ২১ আগস্ট ফ্রান্স যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফারজানা রূপা ও তার স্বামী সাংবাদিক শাকিল আহমেদকে আটক করা হয়। পরে তাদের উত্তরা পূর্ব থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

অন্যদিকে, ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর ভোরে ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় স্থানীয় লোকজন শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

News for Justice মনে করে, সাংবাদিকদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিচার অবশ্যই আইনি প্রক্রিয়ায় হতে হবে; একই সঙ্গে সাংবাদিকতার স্বাধীনতা, পেশাগত দায়িত্ব পালনের অধিকার এবং ন্যায়বিচারের মৌলিক নীতিও সমানভাবে নিশ্চিত করা জরুরি।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ