
বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী আজ
নিজস্ব প্রতিবেদক | News For Justice
মহান মুক্তিযুদ্ধের অন্যতম বীরসন্তান ও দেশের সর্বোচ্চ সামরিক সম্মাননা ‘বীরশ্রেষ্ঠ’ খেতাবপ্রাপ্ত শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী আজ।
১৯৪১ সালের ২৯ অক্টোবর পুরান ঢাকার আগা সাদেক রোডের মোবারক লজে জন্মগ্রহণ করেন এই বীরযোদ্ধা। তার পৈতৃক নিবাস নরসিংদীর রায়পুরা উপজেলার রামনগর (বর্তমান মতিনগর) গ্রামে।
মাতৃভূমির স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করা বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ১৯৭১ সালে পাকিস্তান বিমানবাহিনীতে কর্মরত থাকা অবস্থায় মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে যুক্ত হন। মুক্তিযুদ্ধের সময় বাঙালি যুবকদের প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে তিনি ভৈরবে একটি গোপন প্রশিক্ষণকেন্দ্রও গড়ে তুলেছিলেন।
স্বাধীন বাংলাদেশের পক্ষে বিমান নিয়ে যোগ দেওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি। সেই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ১৯৭১ সালের ২০ আগস্ট পাকিস্তানের করাচির মাসরুর বিমানঘাঁটি থেকে একটি টি-৩৩ প্রশিক্ষণ বিমান নিয়ে উড্ডয়ন করেন মতিউর রহমান।
বিমানটির নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে পাকিস্তানি প্রশিক্ষণার্থী পাইলট রশিদ মিনহাজের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে বিমানটি সিন্ধু প্রদেশের থাট্টা এলাকার কাছে বিধ্বস্ত হয়। এতে শহীদ হন মতিউর রহমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২৯ বছর।
১৯৬৩ সালে পাকিস্তান বিমানবাহিনীতে কমিশন লাভ করেন মতিউর রহমান। ১৯৬৭ সালে তিনি ফ্লাইট লেফটেন্যান্ট পদে উন্নীত হন। ১৯৬৮ সালে মিলি খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তাদের দুই কন্যা—মাহিন ও তুহিন।
শহীদ হওয়ার পর পাকিস্তানের করাচিতে তাকে সমাহিত করা হয়। দীর্ঘ ৩৫ বছর পর ২০০৬ সালের ২৪ জুন তার দেহাবশেষ বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। পরদিন ২৫ জুন পূর্ণ রাষ্ট্রীয় ও সামরিক মর্যাদায় ঢাকার মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে পুনঃসমাহিত করা হয়।
মহান মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্ব, আত্মত্যাগ ও দেশপ্রেমের স্বীকৃতিস্বরূপ শহীদ মতিউর রহমানকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মাননা ‘বীরশ্রেষ্ঠ’ খেতাবে ভূষিত করা হয়।
স্বাধীনতার জন্য তার আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে এক অনন্য বীরত্বগাথা হয়ে রয়েছে। প্রজন্ম থেকে প্রজন্মে তার সাহস, দেশপ্রেম ও আত্মত্যাগের ইতিহাস বাংলাদেশের মানুষকে অনুপ্রাণিত করে যাবে।
আমরা মুক্তিযোদ্ধার সন্তান প্রতিষ্ঠা মঞ্চ-১৯৯৭ এবং আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জানিয়েছেন।
আজ তার ৮৫তম জন্মবার্ষিকীতে মহান এই বীরের প্রতি গভীর শ্রদ্ধা।
