স্কুল থেকে নিখোঁজ ৭ বছরের মরিয়ম, তিন দিন পর মিলল অভিযুক্তের ঘরের মাটির নিচে

 

ধর্ষণের অভিযোগের পর শিশুকে হত্যার অভিযোগ, গ্রেপ্তার জামিনুর

জামালপুর প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জে স্কুল থেকে নিখোঁজ হওয়ার তিন দিন পর সাত বছরের শিশু মরিয়ম বুশরার মরদেহ উদ্ধার করা হয়েছে অভিযুক্ত এক ব্যক্তির বসতঘরের মেঝের মাটির নিচ থেকে। শিশুটিকে ধর্ষণের পর গলায় ওড়না পেঁচিয়ে হত্যা এবং পরে মরদেহ গুম করতে মাটিচাপা দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় একই গ্রামের জামিনুর ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে, জিজ্ঞাসাবাদে তিনি শিশু মরিয়মকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছেন এবং আদালতেও জবানবন্দি দিয়েছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঞা

পুলিশ জানায়, নিহত মরিয়ম স্থানীয় সিধুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মতো স্কুলে যায় সে। ছুটির পর বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও সন্ধান না পেয়ে ওই রাতেই মরিয়মের বাবা বাহাদুর মন্ডল মাদারগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এরপর গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পুলিশ চরলোটাবর গ্রামের জামিনুর ইসলামের বসতঘরে অভিযান চালায়। একপর্যায়ে ঘরের মেঝের মাটি খুঁড়ে উদ্ধার করা হয় নিখোঁজ শিশু মরিয়মের মরদেহ।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, বিদ্যালয়ের পাশেই অভিযুক্ত জামিনুরের বাড়ি। সেখানে কৌশলে শিশুটিকে ডেকে নিয়ে ধর্ষণের পর হত্যা করা হয় বলে অভিযোগ। পরে ঘটনা গোপন করতে মরদেহটি বসতঘরের মেঝের নিচে পুঁতে রাখা হয়।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। গ্রেপ্তার জামিনুরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

News For Justice-এর প্রশ্ন—
একটি শিশু স্কুলে গিয়ে আর বাড়ি ফিরল না, অথচ তার মরদেহ উদ্ধার হলো গ্রামেরই একটি বসতঘরের মাটির নিচে। এমন নির্মম ঘটনার পেছনে আর কেউ জড়িত কি না, শিশুটিকে কীভাবে সেখানে নেওয়া হয়েছিল এবং ঘটনার আগে-পরে কী ঘটেছিল—এসব প্রশ্নেরও পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন।

শিশু মরিয়মের পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত এবং দোষী প্রমাণিত ব্যক্তিদের সর্বোচ্চ আইনগত শাস্তি নিশ্চিত করার দাবি উঠেছে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ