স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি

নিউজ ফর জাস্টিস | জাতীয়

স্বামীর মৃত্যুতে শেষবারের মতো বিদায় জানাতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টায় মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে পুলিশি পাহারায় তাকে মুক্তি দেওয়া হয়। প্যারোলের সময়সীমা নির্ধারণ করা হয়েছে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

কারাগার সূত্রে জানা গেছে, মুক্তির পর কড়া নিরাপত্তার মধ্যে দীপু মনিকে ঢাকার কলাবাগানে তার নিজ বাসভবনে নেওয়া হচ্ছে। সেখানে তিনি তার স্বামী তৌফিক নেওয়াজের মরদেহ দেখবেন। নির্ধারিত সময় শেষে তাকে পুনরায় কারাগারে নেওয়া হবে।

মুন্সিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. জান্নাত-উল ফারহাদ জানান, জেলা প্রশাসকের অনুমোদনের ভিত্তিতে দীপু মনিকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে।

এর আগে বুধবার মুন্সিগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তার প্যারোলের আবেদন অনুমোদন করেন।

দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানান, তারা চার দিনের প্যারোলের জন্য আবেদন করেছিলেন। তবে জেলা প্রশাসক ১২ ঘণ্টার প্যারোল অনুমোদন করেছেন।

আইনজীবীর ভাষ্য অনুযায়ী, কারা আইন ও কারাবিধিতে দিনের আলোতে নির্দিষ্ট সময়ের জন্য প্যারোলে মুক্তির বিধান রয়েছে এবং সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট এ বিষয়ে অনুমোদন দিতে পারেন।

দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ গত মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১০টা ২৭ মিনিটে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।

এদিকে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলায় আসামি হিসেবে দীপু মনি বর্তমানে মুন্সিগঞ্জ জেলা কারাগারে বন্দী রয়েছেন। ২০২৪ সালের ১৯ আগস্ট রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নিউজ ফর জাস্টিস | ন্যায় ও সত্যের পক্ষে

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ