আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কারাবন্দী ফারজানা রুপার পক্ষে লন্ডনের দুই ব্রিটিশ আইনজীবীকে আইনি কার্যক্রমে অংশ নেওয়ার অনুমতি দিতে বাংলাদেশ বার কাউন্সিলের কাছে আবেদন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও ফারজানা রুপার নিয়োজিত কৌঁসুলি ব্যারিস্টার মাহবুব শফিক বার কাউন্সিলের সচিব বরাবর এ আবেদন জমা দেন।
আবেদনে বলা হয়েছে, লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বারসের দুই আইনজীবী জোনাথন প্রাইস কেসি ও নিকিলা কৌশিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফারজানা রুপার পক্ষে আইনগতভাবে প্রতিনিধিত্ব করার অনুমতি চেয়ে গত ১ অক্টোবর বাংলাদেশ বার কাউন্সিলে ই-মেইলের মাধ্যমে আবেদন করেন।
আবেদনে বিদেশি আইনজীবীদের অংশগ্রহণের আইনি ভিত্তি হিসেবে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ১১(৮) ধারা উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার, ১৯৭২-এ যা-ই থাকুক না কেন, বার কাউন্সিলের পূর্বানুমতি সাপেক্ষে ট্রাইব্যুনাল বিদেশি আইনজীবীকে শুনানিতে অংশ নেওয়ার অনুমতি দিতে পারে।
ফারজানা রুপার পক্ষের আবেদনে দাবি করা হয়েছে, সুনির্দিষ্ট ও যুক্তিসঙ্গত কোনো কারণ ছাড়া এ ধরনের অনুমতি আটকে রাখার সুযোগ নেই। একই সঙ্গে ট্রাইব্যুনালে বিদেশি আইনজীবীদের অংশগ্রহণের ক্ষেত্রে বার কাউন্সিলের অনুমতিকে প্রয়োজনীয় পূর্বশর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে।
আবেদনে আরও জানানো হয়, আইসিটি-বিডি মামলা নম্বর ০৫/২০২৬-এর আওতায় বর্তমানে কারাবন্দী রয়েছেন ফারজানা রুপা। আগামী ১ নভেম্বর মামলাটির অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য রয়েছে।
মামলার বিচারিক কার্যক্রম দ্রুত এগিয়ে চলায় এবং ন্যায়বিচারের স্বার্থে জরুরি ভিত্তিতে ব্রিটিশ দুই আইনজীবীকে প্রয়োজনীয় অনুমতি দেওয়ার জন্য বার কাউন্সিলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
আবেদনের সঙ্গে ফারজানা রুপার স্বাক্ষরযুক্ত ওকালতনামা, দুই বিদেশি আইনজীবীর জীবনবৃত্তান্ত, তাদের পাঠানো ই-মেইল এবং মূল আবেদনের অনুলিপিসহ প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করা হয়েছে।
প্রধান সম্পাদক : সালমান মাহমুদ
18/1 Naya polton, 2nd floor, Dhaka -1000, Bangladesh.
+880 1979-778844, +880 1712-027525
Justice Media Ltd. এর একটি প্রতিষ্ঠান
© Copyright - newsforjustice.com