রাজধানীর যাত্রাবাড়ী থানার প্রধান ফটকের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে একজন আহত হয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টা ৪০ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানার মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. হাসানুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৭টার পর থানার প্রধান ফটকের সামনে পরপর কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রাথমিকভাবে বিস্ফোরিত বস্তুগুলোকে ককটেল বলে ধারণা করছে পুলিশ।
বিস্ফোরণের পরপরই সেখানে গোলাগুলির শব্দ শোনা যায়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন বলে জানা গেছে। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ঘটনার পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। কারা এবং কী উদ্দেশ্যে এ হামলার ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে।
এদিকে, একই দিনে রাজধানীর মালিবাগ, মহাখালী ও আগারগাঁওয়ের একাধিক স্থানেও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এর আগে গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও সুপ্রিম কোর্ট চত্বরেও একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
রাজধানীর বিভিন্ন স্থানে পরপর বিস্ফোরণের ঘটনায় নগরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
প্রধান সম্পাদক : সালমান মাহমুদ
18/1 Naya polton, 2nd floor, Dhaka -1000, Bangladesh.
+880 1979-778844, +880 1712-027525
Justice Media Ltd. এর একটি প্রতিষ্ঠান
© Copyright - newsforjustice.com