রাজধানীর শেরেবাংলা নগরের ইন্দিরা রোডে তেজগাঁও কলেজ জামে মসজিদের দ্বিতীয় তলায় ‘গোপন বৈঠক’ চলাকালে জঙ্গি কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মসজিদের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের একটি বিশেষ বার্তায় বলা হয়, শিহাব উদ্দিন নামে এক ব্যক্তির নেতৃত্বে ২৫ থেকে ৩০ জনের একটি দল মসজিদের দ্বিতীয় তলায় ‘মিট-আপ’ করছিল। তাদের জঙ্গি কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রায় ৩০ থেকে ৪০ জন সদস্য ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। পরে সেখান থেকে ২৩ জনকে আটক করা হয়।
ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মসজিদে বৈঠক চলাকালে সন্দেহজনক হিসেবে ২৩ জনকে আটক করা হয়েছে। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা কোনো নির্দিষ্ট সংগঠনের সঙ্গে যুক্ত কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। একই সঙ্গে তাদের জঙ্গি কার্যক্রমের সঙ্গে কোনো ধরনের সংশ্লিষ্টতা রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।
অভিযানের পর ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাশাপাশি কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরাও উপস্থিত হন। আটক ব্যক্তিদের পরিচয়, তাদের কর্মকাণ্ড এবং তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ রয়েছে কি না—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানিয়েছে, ঘটনাস্থলের সার্বিক পরিস্থিতি নজরদারিতে রাখা হয়েছে।
তদন্ত শেষে আটক ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রধান সম্পাদক : সালমান মাহমুদ
18/1 Naya polton, 2nd floor, Dhaka -1000, Bangladesh.
+880 1979-778844, +880 1712-027525
Justice Media Ltd. এর একটি প্রতিষ্ঠান
© Copyright - newsforjustice.com