বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে প্রায় ৪ হাজার মেট্রিক টন বা ৪৭ লাখ লিটার ডিজেল দেশে এসেছে। জ্বালানি তেলের এই চালান দিনাজপুরের পার্বতীপুর রিসিভিং টার্মিনাল ডিপোতে পৌঁছেছে।
এটি মৈত্রী পাইপলাইনের মাধ্যমে আসা ৭২তম চালান। গত ১৩ সেপ্টেম্বর সকাল ৯টায় চালানটির সরবরাহ শুরু হয় এবং ১৫ সেপ্টেম্বর তা শেষ হয়। পার্বতীপুর রেল ডিপোর পরিচালন ব্যবস্থাপক মো. রবিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
২০১৮ সালে স্বাক্ষরিত দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী, ১৫ বছরে মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে প্রায় ২০ লাখ মেট্রিক টন ডিজেল সরবরাহের কথা রয়েছে। ২০২৩ সালের মার্চে পাইপলাইনটি চালু হওয়ার পর এ পর্যন্ত এর মাধ্যমে দেশে মোট ৩ লাখ ৩০ হাজার ৮৭ মেট্রিক টন ডিজেল এসেছে।
মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বছরে সর্বোচ্চ ১০ লাখ মেট্রিক টন উচ্চগতির ডিজেল পরিবহনের সক্ষমতা রয়েছে।
চলতি বছরের মার্চে মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে জ্বালানি সরবরাহে সংকট দেখা দিলে ভারত থেকে এই পাইপলাইনের মাধ্যমে ১৭ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়। এরপর এপ্রিল, মে ও জুলাই মাসেও যথাক্রমে ২৫ হাজার, ৮ হাজার ও ৮ হাজার মেট্রিক টন পরিশোধিত ডিজেল আমদানি করে বাংলাদেশ।
জ্বালানি সরবরাহ বাড়াতে গত আগস্টে ভারতকে অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ। এর পরিপ্রেক্ষিতেই সর্বশেষ এই ডিজেল চালান দেশে এসেছে।
প্রধান সম্পাদক : সালমান মাহমুদ
18/1 Naya polton, 2nd floor, Dhaka -1000, Bangladesh.
+880 1979-778844, +880 1712-027525
Justice Media Ltd. এর একটি প্রতিষ্ঠান
© Copyright - newsforjustice.com