ঢাকা: জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত সংকট মোকাবিলায় তরুণ প্রজন্মকে সচেতন ও নেতৃত্বদানে সক্ষম করে গড়ে তোলার প্রত্যয়ে শেষ হয়েছে চার দিনব্যাপী জাতীয় পরিবেশ উৎসব ‘গ্রিন জেনেসিস ২০২৬’।
৮ থেকে ১১ সেপ্টেম্বর ব্র্যাক ইউনিভার্সিটির মেরুল বাড্ডা ক্যাম্পাসে অনুষ্ঠিত এ উৎসবে দেশের বিভিন্ন প্রান্তের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। ব্র্যাক ইউনিভার্সিটির আউটরিচ টিম আয়োজিত এ উৎসবে ছিল বিভিন্ন প্রতিযোগিতা, পরিবেশবিষয়ক প্রদর্শনী, কর্মশালা ও আলোচনা।
আয়োজকদের তথ্যমতে, উৎসবে প্রায় ৩ হাজার শিক্ষার্থী নিবন্ধন করেন। ১২টি বিভাগে জমা পড়ে সাড়ে ৩ হাজারের বেশি আবেদন। দেশের প্রায় ১০০টি শিক্ষাপ্রতিষ্ঠান, ৫৩টি প্রতিষ্ঠানের ৮৮টি ক্লাব এবং বিভিন্ন অঞ্চলের প্রায় ৫০ জন প্রতিনিধি এতে অংশ নেন।
উৎসবের প্রথম দিনে অনুষ্ঠিত হয় ‘আ লেটার টু নেচার’ প্রতিযোগিতা। এতে শিক্ষার্থীরা প্রকৃতির উদ্দেশে চিঠির মাধ্যমে পরিবেশ নিয়ে নিজেদের উদ্বেগ, প্রত্যাশা ও দায়িত্ববোধ তুলে ধরেন।
দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় ‘ক্লাইমেট সায়েন্স অলিম্পিয়াড’ ও ‘ক্লাইমেট ওরেটরি’। জলবায়ুবিজ্ঞান, পরিবেশগত পরিবর্তন ও বৈশ্বিক পরিবেশগত চ্যালেঞ্জের পাশাপাশি তাৎক্ষণিক বক্তব্যের মাধ্যমে শিক্ষার্থীরা তাঁদের জ্ঞান, বিশ্লেষণী দক্ষতা ও নেতৃত্বের সক্ষমতা প্রদর্শন করেন।
তৃতীয় দিনে আয়োজিত হয় ‘গ্রিন জেনেসিস ইনস্পিরেশন’ শীর্ষক বিশেষ অধিবেশন। জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত সংকট নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিথ্রিইআর পরিচালক গোলাম রব্বানী। শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশ ও এ ক্ষেত্রে ব্র্যাক ইউনিভার্সিটির ভূমিকা নিয়ে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট লাইফের প্রধান তাহসিনা রহমান।
এ ছাড়া পরিবেশগত প্রকল্প প্রদর্শনী, ইকো ডিকোড প্রবলেম-সলভিং চ্যালেঞ্জ, পোস্টার ডিজাইন, ওয়াল ম্যাগাজিন, ফটোগ্রাফি প্রদর্শনী, এআই আর্ট, এনভায়রনমেন্টাল রিল ও গ্রিন জার্নালিজমসহ নানা আয়োজন ছিল উৎসবে।
‘ইকো ডিকোড’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী অঝরা ইসলাম ও আবদুল্লাহ ইসলাম—তাঁদের দল ‘গো বিগ গ্রিনস’।
উৎসবজুড়ে পাঁচটি বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। পরিবেশবিষয়ক যোগাযোগ, গবেষণা, সাংবাদিকতা, জনসচেতনতা তৈরি এবং সৃজনশীল উপস্থাপনার বিভিন্ন দিক নিয়ে এসব কর্মশালায় শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির ইমেরিটাস অধ্যাপক আইনুন নিশাত। তিনি বলেন, ভবিষ্যতের টেকসই বাংলাদেশ গড়ে তুলতে জ্ঞান, উদ্ভাবন ও সচেতনতার সমন্বয়ে কাজ করতে হবে। এই যাত্রায় তরুণরাই সবচেয়ে বড় শক্তি।
সমাপনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন প্রদর্শনী পরিদর্শন করেন ব্র্যাক ইউনিভার্সিটির ট্রেজারার আরিফুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডেভিড ডাউল্যান্ড। সমাপনী বক্তব্য দেন আউটরিচ টিমের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দীপ্তি সরকার।
অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন প্রতিযোগিতা ও প্রদর্শনীতে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার, সনদ ও সম্মাননা তুলে দেওয়া হয়।
চার দিনব্যাপী এ আয়োজনের সহযোগী ছিল ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (সিথ্রিইআর) এবং ইয়ুথ ফর আ গ্রিন আর্থ (ওয়াইজিই)। সহ-আয়োজক ছিল ব্র্যাক ইউনিভার্সিটির লিডারশিপ ডেভেলপমেন্ট ফোরাম, এনভায়রনমেন্টাল ক্লাব, কমিউনিটি সার্ভিস ক্লাব ও ন্যাচারাল সায়েন্স ক্লাব।
উৎসবটির পৃষ্ঠপোষকতা করেছে এসিআই মোটরস এবং ডিজিটাল পার্টনার ছিল প্রথম আলো ডটকম।
রিপোর্ট : রাফিয়াদ মাহমুদ সিজয় (আরিফ খান)
News For Justice
প্রধান সম্পাদক : সালমান মাহমুদ
18/1 Naya polton, 2nd floor, Dhaka -1000, Bangladesh.
+880 1979-778844, +880 1712-027525
Justice Media Ltd. এর একটি প্রতিষ্ঠান
© Copyright - newsforjustice.com