একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল আদৌ শুনানির জন্য গ্রহণ করা হবে কি না, সে বিষয়ে আগামী ৭ সেপ্টেম্বর আদেশ দেবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
সোমবার (৩১ আগস্ট) বিচারপতি মোহাম্মদ রেজাউল হক, বিচারপতি এস এম এমদাদুল হক, বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মো. হাবিবুল গনির সমন্বয়ে গঠিত আপিল বিভাগের বেঞ্চ এ তারিখ নির্ধারণ করেন।
আইন অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে আপিল করার সুযোগ রয়েছে। তবে ২০১৩ সালের ২১ জানুয়ারি ট্রাইব্যুনাল রায় ঘোষণার সময় আবুল কালাম আযাদ বিদেশে পলাতক থাকায় নির্ধারিত সময়ের মধ্যে তিনি আপিল করতে পারেননি।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার শুরুর পর প্রথম রায় দেওয়া হয় আবুল কালাম আযাদের মামলায়। তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, অপহরণ, আটক, অগ্নিসংযোগ ও লুটপাটসহ মোট আটটি অভিযোগ আনা হয়। এর মধ্যে সাতটি অভিযোগ প্রমাণিত হওয়ায় ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেন।
২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশে ফেরেন আবুল কালাম আযাদ। দেশে ফেরার পর দণ্ড স্থগিত চেয়ে ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন তিনি।
ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের ২২ অক্টোবর তৎকালীন অন্তর্বর্তী সরকার তার দণ্ডাদেশ স্থগিত করে। তবে শর্ত দেওয়া হয়, আদালতে আত্মসমর্পণ করে তাকে আপিল করতে হবে।
শর্ত অনুযায়ী, চলতি বছরের ২১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন আবুল কালাম আযাদ। পরে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করেন তিনি।
এখন মূল প্রশ্ন—দীর্ঘ ১৩ বছর পর তার আপিলের শুনানির সুযোগ মিলবে কি না?
এই প্রশ্নের উত্তর মিলবে আগামী ৭ সেপ্টেম্বর, যখন আপিল বিভাগ এ বিষয়ে আদেশ দেবেন।
প্রধান সম্পাদক : সালমান মাহমুদ
18/1 Naya polton, 2nd floor, Dhaka -1000, Bangladesh.
+880 1979-778844, +880 1712-027525
Justice Media Ltd. এর একটি প্রতিষ্ঠান
© Copyright - newsforjustice.com