বিশ্ব সংবাদ | ২২ আগস্ট ২০২৬
বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিতের বিষয়ে ট্রাম্প প্রশাসনের নেওয়া সিদ্ধান্ত বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত।
শুক্রবার (২১ আগস্ট) নিউইয়র্কের সাদার্ন ডিস্ট্রিক্টের ম্যানহাটন আদালতের বিচারক জিনেট ভার্গাস এক রায়ে বলেন, ট্রাম্প প্রশাসনের ভিসা স্থগিতের নীতি স্পষ্টতই বেআইনি। আদালতের মতে, এই সিদ্ধান্ত ফেডারেল অভিবাসন আইনের পরিপন্থী এবং কনসুলার কর্মকর্তাদের ভিসা অনুমোদনের ক্ষমতায় পররাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপের সুযোগ সীমিত করে দেওয়া হয়েছে।
রায়ে আরও বলা হয়, নির্দিষ্ট জাতীয়তার ভিত্তিতে সরাসরি অভিবাসী ভিসা স্থগিত করা যুক্তরাষ্ট্রের প্রচলিত বিধিবদ্ধ ব্যবস্থার লঙ্ঘন।
ভিসা স্থগিতের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্যাথলিক লিগ্যাল ইমিগ্রেশন নেটওয়ার্ক ও আফ্রিকান কমিউনিটিজ টুগেদারসহ অধিকার সংগঠন, ভিসা আবেদনকারী এবং তাদের মার্কিন নাগরিক স্বজনরা মামলা দায়ের করেছিলেন।
চলতি বছরের জানুয়ারি থেকে কার্যকর হওয়া এই নীতির কারণে বাংলাদেশ, পাকিস্তান, ব্রাজিল, কলম্বিয়া, উরুগুয়ে, আলবেনিয়া ও বসনিয়াসহ বিভিন্ন দেশের অভিবাসনপ্রত্যাশীরা ক্ষতিগ্রস্ত হন। মার্কিন পররাষ্ট্র দপ্তর দাবি করেছিল, এসব দেশের নাগরিকদের একটি অংশ সরকারি সহায়তার ওপর অতিরিক্ত নির্ভরশীল হওয়ার ঝুঁকিতে রয়েছেন।
ক্ষমতায় ফেরার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন নিয়ন্ত্রণ ও অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদারের লক্ষ্যে একাধিক কঠোর পদক্ষেপ নিয়েছেন। এর ধারাবাহিকতায় বিভিন্ন দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা এবং অভিবাসী ভিসা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে আদালতের রায়ের বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা
নিউজ ফর জাস্টিস
সত্যের পক্ষে, ন্যায়ের পথে
প্রধান সম্পাদক : সালমান মাহমুদ
18/1 Naya polton, 2nd floor, Dhaka -1000, Bangladesh.
+880 1979-778844, +880 1712-027525
Justice Media Ltd. এর একটি প্রতিষ্ঠান
© Copyright - newsforjustice.com