চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে স্ক্র্যাপ জাহাজের ট্যাংকার থেকে বিষাক্ত গ্যাস নির্গত হয়ে অন্তত তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে ইয়ার্ডে কাজ চলাকালে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
ফেরদৌস স্টিলের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস ওয়াহিদ জানান, একটি জাহাজের ট্যাংক থেকে গ্যাস নির্গমন দেখতে পেয়ে ইয়ার্ডের নিরাপত্তা দলের কয়েকজন সদস্য সেটি পরীক্ষা করতে যান। এ সময় হঠাৎ গ্যাস ছড়িয়ে পড়লে বেশ কয়েকজন শ্রমিক গুরুতর অসুস্থ ও আহত হন। পরে তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
তিনি জানান, এখন পর্যন্ত তিন শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহতের সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে, কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) চট্টগ্রামের উপমহাপরিদর্শক মাহবুবুল হাসান জানিয়েছেন, দুর্ঘটনায় ১০ জন শ্রমিক আহত হওয়ার তথ্য তারা পেয়েছেন। তাদের মধ্যে একজনের মৃত্যুর বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছে। আহতদের সর্বশেষ অবস্থা জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাস কীভাবে ছড়িয়ে পড়ল এবং দুর্ঘটনার সময় শ্রমিকদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল কি না—তা নিয়ে প্রশ্ন উঠেছে।
ঘটনার কারণ ও ইয়ার্ডের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।
শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ সুরক্ষা ব্যবস্থা, নিয়মিত গ্যাস পরীক্ষা এবং নিরাপত্তা বিধিমালা যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল কি না—তদন্তে এসব বিষয় গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা প্রয়োজন।
নিউজ ফর জাস্টিস
সত্যের পক্ষে, ন্যায়ের পথে
প্রধান সম্পাদক : সালমান মাহমুদ
18/1 Naya polton, 2nd floor, Dhaka -1000, Bangladesh.
+880 1979-778844, +880 1712-027525
Justice Media Ltd. এর একটি প্রতিষ্ঠান
© Copyright - newsforjustice.com