News for Justice | শিক্ষা
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এবারের ফলে পাসের হার ও জিপিএ-৫—দুই সূচকেই গত বছরের তুলনায় বড় ধরনের পতন দেখা গেছে।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। এ বছর মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
অন্যদিকে, শুধু ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ। ২০২৫ সালে এই হার ছিল ৬৮ দশমিক ০৪ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৩ দশমিক ৯৯ শতাংশ।
সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে ২০২৫ সালে জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ২৫ হাজার ১৮ জন। চলতি বছর এই সংখ্যা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৬ হাজার ৯ জনে।
অর্থাৎ এক বছরের ব্যবধানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ১৯ হাজার ৯ জন।
ফলাফলে ছাত্রীদের এগিয়ে থাকার চিত্রও উঠে এসেছে। সাধারণ শিক্ষা বোর্ডে উত্তীর্ণ ছাত্রের তুলনায় ১ লাখ ৭ হাজার ৯৮২ জন বেশি ছাত্রী উত্তীর্ণ হয়েছে। একইভাবে ছাত্রদের তুলনায় ১১ হাজার ৪০১ জন বেশি ছাত্রী জিপিএ-৫ পেয়েছে।
এবার ফলাফলের সবচেয়ে উদ্বেগজনক দিকগুলোর একটি হলো শূন্য পাসের প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি।
এদিকে এ বছর মোট শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে ৩০৩টি এবং পরীক্ষা কেন্দ্র বেড়েছে ২০১টি।
পাসের হার কমার পাশাপাশি শূন্য পাসের প্রতিষ্ঠানের সংখ্যা কেন বাড়ল—শিক্ষার মান নিয়ে নতুন করে ভাবার সময় কি এখনই নয়?
ফলাফল শুধু পরীক্ষার্থীদের সাফল্য-ব্যর্থতার হিসাব নয়; এটি দেশের শিক্ষা ব্যবস্থার সামগ্রিক চিত্রও তুলে ধরে। বিশেষ করে মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পাসের সংখ্যা বৃদ্ধির বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গভীরভাবে পর্যালোচনা করা প্রয়োজন।
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬
প্রধান সম্পাদক : সালমান মাহমুদ
18/1 Naya polton, 2nd floor, Dhaka -1000, Bangladesh.
+880 1979-778844, +880 1712-027525
Justice Media Ltd. এর একটি প্রতিষ্ঠান
© Copyright - newsforjustice.com