নিউজ ফর জাস্টিস | জাতীয়
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে অবস্থান করে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিলে বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে দেশটিকে নতুন করে ভাবতে হবে বলে সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সতর্কবার্তা দেন।
‘ফ্যাসিস্ট সরকার পতনে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল ও ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আপনারা হাসিনা কার্ড খেলবেন আর বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইবেন; মনে রাখতে হবে, দুটো বিপরীত। আশা করি, ভারতের কর্তৃপক্ষ ও ভারত সরকার বিষয়টি বুঝবে।”
তিনি বলেন, শেখ হাসিনাকে রাজনৈতিক বক্তব্য দেওয়া এবং বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে সমর্থন না দিতে ভারতের প্রতি আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশ প্রতিবেশী ভারতের সঙ্গে পারস্পরিক নির্ভরতা, পারস্পরিক সম্মান ও সার্বভৌমত্বের ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে চায় বলেও উল্লেখ করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, গণ-অভ্যুত্থান কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয়। এর পেছনে রয়েছে দীর্ঘ ১৭ বছরের ত্যাগ ও আন্দোলনের ইতিহাস।
নতুন গঠিত একটি রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশে তিনি বলেন, রাজনীতিতে অভিজ্ঞতা ও পরিপক্বতার কোনো বিকল্প নেই। শুধু ৩৬ দিনের আন্দোলনের মধ্যেই সব অর্জন হয়েছে—এমন ধারণা বাস্তবসম্মত নয়।
তিনি বলেন, “মাত্র ৩৬ দিনের আন্দোলনের ভেতরে ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের কিছুই নেই বলে মনে করলে সেটা ভুল হবে।”
বিভিন্ন ষড়যন্ত্র ও উসকানিতে পা না দেওয়ার জন্য বিএনপির বন্ধুপ্রতিম ছাত্রসংগঠনের প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, সহিংসতা উসকে দেওয়ার চক্রান্ত চলছে এবং কয়েকটি জায়গায় সেই চক্রান্তে ‘বন্ধু ছাত্ররা’ পা দিয়েছে।
শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, গালি কিংবা অপপ্রচারের জবাব গণতান্ত্রিক প্রতিবাদের মাধ্যমে দিতে হবে। তবে কোনো অবস্থাতেই সহিংসতায় জড়ানো যাবে না।
সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলের অংশ না নেওয়ার সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি এমনভাবে সংবিধান সংস্কার করবে, যা ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে দীর্ঘমেয়াদে কাজে আসবে।
নিউজ ফর জাস্টিস | সম্পাদনা ডেস্ক
সূত্র: দৈনিক ইত্তেফাক
প্রধান সম্পাদক : সালমান মাহমুদ
18/1 Naya polton, 2nd floor, Dhaka -1000, Bangladesh.
+880 1979-778844, +880 1712-027525
Justice Media Ltd. এর একটি প্রতিষ্ঠান
© Copyright - newsforjustice.com