নিজস্ব প্রতিবেদক | News for Justice
চট্টগ্রামের পাঁচলাইশ থানার চশমাহিল এলাকায় সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের পারিবারিক বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একদল দুর্বৃত্ত গভীর রাতে বাসভবনের সামনে আগুন ধরানোর চেষ্টা করে। এ সময় একটি পাইপলাইনে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
নওফেলের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বাড়িটি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছিল।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহেদুল ইসলাম জানান, সিসিটিভি ফুটেজে রাত ২টার দিকে সাতজন তরুণকে বাড়ির সামনে দেখা গেছে। তারা আগুন লাগানোর চেষ্টা করে এবং ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। বিষয়টি তদন্ত করে জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি অংশ নিয়েছিলেন মহিবুল হাসান চৌধুরী নওফেল। স্থানীয়দের একটি অংশের ধারণা, এর জেরেই এই অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কারণ নিশ্চিত করা হয়নি।
এদিকে, একই অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেওয়ায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরার বাড়িতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
News for Justice পর্যবেক্ষণ:
ঘটনার প্রকৃত কারণ উদঘাটন, দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং রাজনৈতিক সহিংসতা ও প্রতিশোধমূলক কর্মকাণ্ড রোধে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
প্রধান সম্পাদক : সালমান মাহমুদ
18/1 Naya polton, 2nd floor, Dhaka -1000, Bangladesh.
+880 1979-778844, +880 1712-027525
Justice Media Ltd. এর একটি প্রতিষ্ঠান
© Copyright - newsforjustice.com