জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গোপালগঞ্জে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দায়িত্ব পালন করছে। একই সঙ্গে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) গোপালগঞ্জের পুলিশ সুপার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বিশেষ গুরুত্বপূর্ণ জেলা হিসেবে গোপালগঞ্জে আগাম নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, সরকারি স্থাপনা এবং জনসমাগমস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।
পুলিশ সুপার আরও বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সার্বক্ষণিক টহল কার্যক্রম পরিচালনার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।
এদিকে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান জানান, জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির পাশাপাশি পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন।
তিনি বলেন, ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জেলার বিভিন্ন কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামী ১৫ আগস্ট পর্যন্ত বিজিবির মোতায়েন অব্যাহত থাকবে।
সূত্র: দৈনিক ইত্তেফাক
প্রধান সম্পাদক : সালমান মাহমুদ
18/1 Naya polton, 2nd floor, Dhaka -1000, Bangladesh.
+880 1979-778844, +880 1712-027525
Justice Media Ltd. এর একটি প্রতিষ্ঠান
© Copyright - newsforjustice.com