নিজস্ব প্রতিবেদক | News for Justice
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬
নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে এবং বিদেশে কর্মসংস্থানের সুযোগ আরও সম্প্রসারণে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সঙ্গে সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
সোমবার (৩ আগস্ট) ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম-এর উপ-মহাপরিচালক উগোচি ড্যানিয়েলস। বৈঠকে নিয়মিত অভিবাসনের পথ সম্প্রসারণ, অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষা এবং দক্ষ জনশক্তির জন্য আন্তর্জাতিক শ্রমবাজারে নতুন সুযোগ তৈরির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গ্লোবাল কমপ্যাক্ট ফর মাইগ্রেশন (জিসিএম)-এর চ্যাম্পিয়ন দেশ হিসেবে বাংলাদেশ বৈশ্বিক অভিবাসন অঙ্গীকার বাস্তবায়নে জাতীয় কর্মপরিকল্পনার মাধ্যমে কার্যকর পদক্ষেপ গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি অনিয়মিত অভিবাসন প্রতিরোধ, নৈতিক নিয়োগব্যবস্থা নিশ্চিতকরণ, আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী তৈরি এবং স্বাস্থ্যসেবা, পরিচর্যা ও কৃষিখাতে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে আইওএমের আরও সহযোগিতা কামনা করেন।
এছাড়া নারী অভিবাসী কর্মীদের অধিকার ও কল্যাণ নিশ্চিত, জলবায়ুজনিত অভিবাসন, মানবপাচার প্রতিরোধ, সংকটাপন্ন দেশ থেকে বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবর্তন এবং টেকসই পুনর্বাসনে যৌথ উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে রোহিঙ্গা সংকট প্রসঙ্গেও আলোচনা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মানবিক সহায়তায় আইওএমের ভূমিকার প্রশংসা করেন এবং তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকার আহ্বান জানান।
অন্যদিকে, আইওএম-এর উপ-মহাপরিচালক উগোচি ড্যানিয়েলস অভিবাসন ব্যবস্থাপনায় বাংলাদেশের উদ্যোগ ও বৈশ্বিক নেতৃত্বের প্রশংসা করেন। বৈঠক শেষে উভয় পক্ষ নিরাপদ অভিবাসন, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং বাংলাদেশ-আইওএম অংশীদারিত্ব আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
News for Justice
সত্যের পক্ষে • ন্যায়ের সন্ধানে
প্রধান সম্পাদক : সালমান মাহমুদ
18/1 Naya polton, 2nd floor, Dhaka -1000, Bangladesh.
+880 1979-778844, +880 1712-027525
Justice Media Ltd. এর একটি প্রতিষ্ঠান
© Copyright - newsforjustice.com